প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরের পীরগঞ্জের জমি থেকে ব্যবসায়ীরা কম দামে কলা কিনছেন। কিন্তু হাতবদল হয়ে খুচরা বাজারে পৌঁছানোর পর কলার দাম প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। এতে চাষিরা উৎপাদিত কলার ন্যায্যমূল্য নিয়ে চিন্তিত, এবং সাধারণ ক্রেতাদের বাড়তি দামে কলা কিনতে হচ্ছে।
জামদানী গ্রামের কলাচাষি আইয়ুব আলী মন্তব্য করেন, "আমরা জমিতে কলা চাষ করে যে দাম পাই, ব্যবসায়ীরা জমি থেকে কলা কেটে রাস্তায় তোলার পরই দাম বেড়ে যায়। ফলে সাধারণ মানুষকে বেশি দামে কলা কিনতে হয়।"
কলা ব্যবসায়ী রাঙা মিয়া জানান, জমি থেকে কলা কেটে রাস্তায় তোলা, গাড়িতে বোঝাই করা এবং মোকামে পৌঁছানোর জন্য বিভিন্ন খরচ রয়েছে। এসব খরচ বাদ দিলে লাভের মুখ দেখা ব্যবসায়ীদের জন্য কঠিন হয়ে পড়ে।
চেরাগপুর গ্রামের মালভোগ কলাচাষি মোতালেব মন্ডল জানান, তাঁর বাগানে বর্তমানে ৫২৫টি কলার ছড়ি রয়েছে। এর মধ্যে ১০০টি ছড়ি ৮০ হাজার টাকায় বিক্রি করেছেন। অর্থাৎ প্রতিটি ছড়ির দাম পড়েছে ৮০০ টাকা। কিন্তু জমি থেকে কলা কেটে বাজারজাত করার পর বিভিন্ন পর্যায়ে এর দাম বৃদ্ধি পাচ্ছে।
খুচরা বাজারে মালভোগ কলা বর্তমানে ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, চাষিরা জমি থেকে ব্যবসায়ীদের কাছে প্রতিটি কলা ৫ টাকারও কম দামে বিক্রি করছেন। ফলে উৎপাদক থেকে ভোক্তার হাতে পৌঁছানোর আগে কলার দাম কয়েক দফা বাড়ছে।
অন্যদিকে, সাগর কলার প্রতিটি ছড়ি ৫শ টাকায় বিক্রি হচ্ছে। একটি ছড়িতে গড়ে ১৪০টি কলা থাকলে প্রতিটি কলার ক্রয়মূল্য প্রায় ৩ টাকা। কিন্তু হাতবদলের পর একই কলা খুচরা বাজারে প্রায় ৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পীরগঞ্জে ৪৩৪ হেক্টর জমিতে কলার চাষ হয়েছে। কৃষি বিভাগের দাবি, চাষিরা ভালো দামে কলা বিক্রি করছেন।
চাষি ও স্থানীয়দের মতে, এ বছর কলার ফলন ও বাজারদর তুলনামূলকভাবে চাষিদের অনুকূলে রয়েছে। গত বছরের তুলনায় এ বছর কলার সরবরাহ কম থাকায় ভালো দাম পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে আগামী বছর ফলন ও বাজারদর কেমন হবে, তা নিয়ে দুশ্চিন্তাও রয়েছে চাষিদের মধ্যে।
এদিকে, সার ও কৃষি উপকরণের দাম বাড়লে কলা উৎপাদনের খরচ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। তাঁদের মতে, উৎপাদন ব্যয় বাড়লে বর্তমান বাজারদরেও লাভ কমে যেতে পারে।
চাষিদের প্রত্যাশা, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে কলার ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। পাশাপাশি জমি থেকে খুচরা বাজার পর্যন্ত বিভিন্ন পর্যায়ে দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন