প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার ও পুনরুদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। গো আপ ফাউন্ডেশন এবং ফুটস্টেপ বাংলাদেশের উদ্যোগে ১০ থেকে ১৪ অক্টোবর পাঁচদিন ধরে এই কার্যক্রম পরিচালিত হয়। এতে ৬০০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং বর্জ্যকর্মী অংশগ্রহণ করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় এবং সিটি ব্যাংক পিএলসির অংশীদারিত্বে এই অভিযান পরিচালিত হয়েছে। এটি ফুটস্টেপ বাংলাদেশের ‘চলো খাল বাঁচাই’ উদ্যোগের পঞ্চম কার্যক্রম হিসেবে পরিচিত।
দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় খালটির পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে পড়েছিল। ফলে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল, যা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছিল। অভিযানে খালের বর্জ্য পরিষ্কার করা হয় এবং সংগৃহীত বর্জ্য প্রতিদিন ডিএনসিসির সহায়তায় সরিয়ে নেওয়া হয়।
এছাড়া, এলাকায় ১০টি ডাস্টবিন স্থাপন করা হয় এবং বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরির জন্য প্রচার চালানো হয়। খালের ভাঙা রেলিং মেরামত করা হয়েছে এবং স্থানীয়দের বসার জন্য একটি বেঞ্চ স্থাপন করা হয়।
অভিযানের সময় আয়োজকেরা ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের কাছে এলাকার নষ্ট স্ট্রিটলাইটের সমস্যার কথা তুলে ধরেন। তাদের অনুরোধের পর মাত্র ১২ ঘণ্টার মধ্যে বাতিগুলো সচল করা হয়।
ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, "দেশের খাল, নদী ও জলাশয় পুনরুদ্ধারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ কাজে তরুণ সমাজের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও এগিয়ে আসতে হবে।"
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিলন জানান, পরিচ্ছন্ন ও নিরাপদ ঢাকা গড়তে সিটি করপোরেশনের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।
গো আপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইশতিয়াক উদ্দিন আহমেদ খান বলেন, "পাঁচ দিনে ৬০০ জনের বেশি মানুষের অংশগ্রহণে একটি খাল পরিষ্কার করা সম্ভব হয়েছে। একসময় খালটি মাদক বিক্রি, মশা ও ডেঙ্গুর প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত ছিল। পরিষ্কারের পর সেখানে মানুষের চলাচল বেড়েছে। মাদকের কারবার বন্ধ হয়েছে। মশার উপদ্রবও কমেছে।"
তিনি আরও জানান, খালের পাশে স্থাপিত ডাস্টবিন, রেলিং এবং বেঞ্চের দেখভাল করবে গো আপ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমও চলবে। ডিএনসিসির সঙ্গে সমন্বয় করে ঢাকার অন্যান্য খালগুলোতেও এমন উদ্যোগ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আয়োজকেরা এই কার্যক্রমে সহযোগিতার জন্য সিটি ব্যাংক পিএলসি, ডিএনসিসি, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং বর্জ্যকর্মীদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গো আপ ফাউন্ডেশন একটি বাংলাদেশি অলাভজনক সংস্থা। শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন এবং স্বেচ্ছাসেবার মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে সংস্থাটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন