প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির খেজুরিছড়া চা-বাগান ও কারখানা, শ্রমিক অসন্তোষের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার পর, খুলে দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৈঠকে চার দফা শর্তে শ্রমিক ও বাগান কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। শনিবার (১৪ নভেম্বর) থেকে শ্রমিকেরা কাজে ফিরে আসবেন।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান সভাপতিত্ব করেন। সভায় ফিনলে টি কোম্পানির প্রতিনিধি, আন্দোলনরত চা-শ্রমিক প্রতিনিধি, স্থানীয় বিএনপি নেতারা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ আলোচনা শেষে চার দফা শর্তে বিরোধ নিষ্পত্তিতে একমত হন সংশ্লিষ্ট পক্ষগুলো। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বাগানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বা ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়—এমন কোনো বক্তব্য বা কাজ করতে পারবেন না। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে অপসারণ, বদলি বা বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
এছাড়া, বাগানের মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদ্যাপনের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে যেকোনো প্রতিবন্ধকতা এড়াতে উপজেলা প্রশাসন একটি কমিটি গঠন করবে। কমিটি সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সংকটের স্থায়ী সমাধানে কাজ করবে।
মন্দিরের চলমান সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার সিদ্ধান্তও হয়েছে। পাশাপাশি আন্দোলন ও বিরোধের জেরে কোনো পক্ষ যেন প্রতিশোধমূলক বা বিরূপ আচরণ না করে এবং শ্রমিকদের কাজে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, তা নিশ্চিত করতে বলা হয়েছে।
সভা শেষে চা-শ্রমিক, বাগান কর্তৃপক্ষ ও মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে লিখিত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। উভয় পক্ষ এতে স্বাক্ষর করেন।
প্রসঙ্গত, অভ্যন্তরীণ বিরোধ ও শ্রমিক অসন্তোষের কারণে ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের খেজুরিছড়া চা-বাগান ও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, খেজুরিছড়া চা-বাগানের অচলাবস্থা ও শ্রমিক অসন্তোষ নিরসনে প্রশাসনের মধ্যস্থতায় সব পক্ষের অংশগ্রহণে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সর্বসম্মতিক্রমে চারটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বাগানের অচলাবস্থা কাটল এবং স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসার পথ সুগম হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন