প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ২০২৯ সালে ক্ষমতা ছাড়ার পূর্বে তিনি কিউবার সরকার উৎখাতের জন্য সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি ‘অবশ্যই বিবেচনা’ করবেন। কিউবা সম্পর্কে তিনি মন্তব্য করেন, ‘আমি ক্ষমতা ছাড়ার আগেই কিউবার বিষয়টি চূড়ান্ত করতে চাই।’
বৃহস্পতিবার, রক্ষণশীল ধারার রেডিও উপস্থাপক ও সালেম নিউজ চ্যানেলের সাংবাদিক হিউ হিউইটের সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি কিউবাকে ‘মুক্ত’ করার জন্য সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছেন।
ট্রাম্পের জবাব ছিল, ‘আমি ক্ষমতা ছাড়ার আগেই কিউবার বিষয়টি চূড়ান্ত করতে চাই।’ তিনি উল্লেখ করেন যে, তার প্রশাসন এই বিষয়ে ‘খুব নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’ কিউবাকে তিনি ‘কার্যত একটি ব্যর্থ দেশ’ হিসেবে অভিহিত করেন।
রাজনৈতিক সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্ভাব্য সামরিক অভিযানের জন্য এবারই প্রথম তিনি কোনো সময়সীমার কথা উল্লেখ করেছেন। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যিনি কিউবান বংশোদ্ভূত, তিনিও কিউবায় এমন পদক্ষেপ দেখতে চান।
ট্রাম্প বলেন, ‘আমি কিউবার জনগণের জন্য এমনটা করতে পারলে খুশি হব। বিশেষ করে যারা কিউবা ছেড়ে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং সেখানে অত্যন্ত খারাপ আচরণের শিকার হয়েছেন।’ তিনি দাবি করেন, ফ্লোরিডায় কিউবান বংশোদ্ভূত ভোটারদের মধ্যে তিনি বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।
এর আগে কিউবার সরকারকে উৎখাতের জন্য ট্রাম্প একাধিকবার হুমকি দিয়েছেন। সোমবার তিনি বলেছেন, ‘কিউবার পতন খুব শিগগিরই ঘটবে’ এবং যুক্তরাষ্ট্র মানবিক সহায়তার ভিত্তিতে দেশটিকে সহযোগিতা করবে।
গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর কিউবার ওপর কার্যত তেল অবরোধ আরোপ করে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে দ্বীপ দেশটিতে ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
ট্রাম্প কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘অস্বাভাবিক ও অসাধারণ হুমকি’ হিসেবে ঘোষণা করে নির্বাহী আদেশে সই করেন। তিনি কিউবায় জ্বালানি সরবরাহকারী যেকোনো দেশের পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকিও দেন।
যুক্তরাষ্ট্রের এই অবরোধের ফলে কিউবায় বারবার দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। দেখা দিয়েছে জ্বালানি ও খাদ্যসংকট। পরিস্থিতি ক্রমেই মানবিক সংকটের দিকে এগিয়েছে।
কিউবার কর্মকর্তারা মার্কিন পদক্ষেপকে ‘সমষ্টিগত শাস্তি’ বলে অভিহিত করেছেন।
সূত্র: আলজাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন