প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রিয়াকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ৩২ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর আজ সকালে জর্ডান-আলজেরিয়া ম্যাচের ফলাফল প্রকাশের পর ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে লিওনেল মেসিদের।
গ্রুপসেরা হওয়ার পর ফুটবল দুনিয়ায় এখন তুমুল জল্পনা শুরু হয়েছে, আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ কার মুখোমুখি হবে।
গ্রুপ পর্বের এখনও এক ম্যাচ বাকি থাকলেও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনাকে লড়তে হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের বিরুদ্ধে। এই ‘এইচ’ গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্ডে এবং সৌদি আরব। আগামী শনিবার সকাল ৬টায় এই গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে স্পেন-উরুগুয়ে ও সৌদি আরব-কেপ ভার্ডে।
মেসিদের প্রতিপক্ষের ভাগ্য এই দুই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে। চলুন দেখে নেওয়া যাক জটিল সমীকরণে আর্জেন্টিনার মোকাবিলা হতে পারে কোন দল-
স্পেন হবে যদি
উরুগুয়ে যদি শেষ ম্যাচে স্পেনকে হারিয়ে দেয় এবং অন্য ম্যাচে সৌদি আরব ও কেপ ভার্ডে ড্র করে, তাহলে স্পেন রানার্সআপ হিসেবে আর্জেন্টিনার সামনে আসবে। এমনকি যদি উরুগুয়ে জিতে যায় এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারায়, তাতেও স্প্যানিশদের রানার্সআপ হওয়ার সম্ভবনা রয়েছে।
কেপ ভার্ডে হবে যদি
স্পেন যদি উরুগুয়েকে হারায় এবং কেপ ভার্ডে সৌদিকে হারায়, তাহলে স্পেন গ্রুপসেরা এবং কেপ ভার্ডে রানার্সআপ হবে।
আবার যদি স্পেন জিততে পারে এবং কেপ ভার্ডে-সৌদি ম্যাচ ড্র হয়, তবে আফ্রিকার দেশটি হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ।
সৌদি আরব হবে যদি
স্পেন উরুগুয়েকে হারায় এবং সৌদি আরব কেপ ভার্ডেকে বড় ব্যবধানে হারায়, তাহলে রানার্সআপ হবে সৌদি। এছাড়া স্পেন-উরুগুয়ে ম্যাচ ড্র হলে সৌদি আরব কেপ ভার্ডেকে হারালেও সমীকরণ অপরিবর্তিত থাকবে। সেক্ষেত্রে ২০২২ বিশ্বকাপের পর সৌদি আবারও বিশ্বমঞ্চে মেসিদের সামনে আসার সুযোগ পাবে।
উরুগুয়ে হবে যদি
যদি শেষ ম্যাচে উরুগুয়ে এবং কেপ ভার্ডে উভয় দলই জয়লাভ করে, তখন রানার্সআপ নির্ধারণে আসবে গোল ব্যবধানের হিসাব।
বর্তমানে দুই দলের গোল ব্যবধান শূন্য এবং গোল সংখ্যা সমান (২টি করে)। যদি গোল এবং গোলের পার্থক্য সমান থাকে, তাহলে ‘ফেয়ার প্লে’ বা কার্ডের হিসাব দেখা হবে। যেখানে কেপ ভার্ডের তুলনায় একটি হলুদ কার্ড কম দেখে এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে ইউরুগুয়ে রয়েছে।
আবার যদি শেষ রাউন্ডের দুটি ম্যাচই ড্র হয়, তাহলে উরুগুয়ে ও কেপ ভার্ডের মধ্যে গোল পার্থক্য, গোল সংখ্যা, ফেয়ার প্লে এবং শেষে ফিফা র্যাঙ্কিং বিবেচনা করে রানার্সআপ নির্ধারণ করা হবে।
পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা বলছে, আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে কেপ ভার্ডে। ভোজিনহার নেতৃত্বে আফ্রিকার এই ছোট দেশটি যদি সৌদিকে পরাস্ত করে, তাহলে ইতিহাস গড়ে নকআউটে মেসিদের মুখোমুখি হবে। তবে উরুগুয়ে যদি স্পেনকে স্তব্ধ করে দেয়, তবে নাটকীয়ভাবে নকআউটের শুরুতেই আর্জেন্টিনা-স্পেনের মধ্যে হাইভোল্টেজ মহারণ দেখা যেতে পারে। সব উত্তর জানা যাবে আগামী শনিবার সকালে ৬ টায় গ্রুপ ‘এইচ’-এর শেষ দুটি ম্যাচের ফলাফল প্রকাশের পর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন