প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে উদ্গীরিত গ্যাসের আগুন এখনও জ্বলতে দেখা যাচ্ছে। গ্যাসের উৎস, প্রকৃতি এবং ভূগর্ভস্থ মজুতের সম্ভাবনা সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাপেক্সের একজন কর্মকর্তা এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারকে সঙ্গে নিয়ে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানীতে গ্যাস উদ্গীরণ ও অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন। এই সময় তাঁরা গ্যাস নির্গমনের স্থান এবং জ্বলন্ত আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ছোট ইনানী এলাকার একটি গভীর নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীরতায় গ্যাসের সন্ধান মেলে। এক পর্যায়ে ভূগর্ভ থেকে গ্যাসের সঙ্গে পানি বেরিয়ে আসতে শুরু করে এবং গ্যাসে আগুন জ্বলে ওঠে। এরপর থেকে আগুন জ্বলতে থাকে। দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে না আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
বাপেক্সের প্রাথমিক পর্যবেক্ষণে উদ্গীরিত গ্যাসে উচ্চমাত্রার হাইড্রোকার্বন ও কনডেনসেটের উপস্থিতি চিহ্নিত করা হয়েছে। তবে এটি বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসক্ষেত্র কি না, ভূগর্ভে গ্যাসের মজুতের পরিমাণ এবং গ্যাসের প্রকৃত বৈশিষ্ট্য সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
এর আগে বাপেক্সের পক্ষ থেকে ঘটনাস্থলে গ্যাস নির্গমনের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তা-সংক্রান্ত কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়েছিল। আগুনের উৎস বন্ধ করতে গিয়ে ভূগর্ভে গ্যাসের চাপ ও অন্যত্র গ্যাস নির্গমনের সম্ভাবনার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
জ্বালানি বিভাগের যুগ্মসচিবের এই পরিদর্শনের মাধ্যমে ইনানীর গ্যাস উদ্গীরণ পরিস্থিতি মোকাবিলা ও সম্ভাব্য গ্যাসসম্পদ অনুসন্ধানে নতুন পদক্ষেপ আসবে কি না, তা নিয়ে স্থানীয়রা অপেক্ষা করছেন। তাঁদের প্রত্যাশা, দ্রুত কার্যকর ও নিরাপদ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হবে এবং ভূগর্ভস্থ গ্যাসের প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন