প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের আগৈলঝাড়ায় ক্রসফায়ারের মাধ্যমে দুজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহও রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ৭ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেল, যার নেতৃত্বে ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ, এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার তদন্ত কর্মকর্তা মো. মোকতাদির হোসেনকে পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন জেরা করেন। জেরার পর আদালত আগামী ৭ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণ করে। তদন্ত কর্মকর্তা মোকতাদির ২৩ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন। তার জেরার মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হলো।
শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদসহ অন্যান্যরা।
মামলার চার আসামির মধ্যে বর্তমানে কারাগারে রয়েছেন উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিন। অপর দুই আসামি হলেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এহসান উল্লাহ, যারা পলাতক রয়েছেন।
এ মামলার ভুক্তভোগী হলেন আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।
গত ২০ মে ট্রাইব্যুনাল-২ আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, টিপু হাওলাদার ও কবির মোল্লা ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। এ কারণে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাদের হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা বাস্তবায়নে তৎকালীন পুলিশ সুপার এহসান উল্লাহকে নির্দেশ দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, ওই পরিকল্পনার অংশ হিসেবে ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি একটি মিথ্যা মামলায় টিপু ও কবিরকে গ্রেফতার করে উজিরপুর থানা পুলিশ। পরে তৎকালীন এএসআই মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিনের মাধ্যমে গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে তাদের নিয়ে ক্রসফায়ারের নাটক সাজানো হয়। সেখানে গুলি করে দুজনকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন