প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। প্রাদেশিক পুলিশ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের কিছু পর, মন্ট্রিয়াল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায়। খবর পাওয়ার পর জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান হেলিকপ্টারটি আগুনে জ্বলছে। পরে ভেতরে থাকা চারজনকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ কর্মকর্তা সার্জেন্ট অড্রে-অ্যান বিলোদো জানিয়েছেন, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি ব্যক্তিমালিকানাধীন হেলিকপ্টার ছিল।
কুইবেকের প্রাদেশিক পুলিশের মেজর ক্রাইম ইউনিট দুর্ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে। তাদের সঙ্গে অপরাধস্থল বিশেষজ্ঞ এবং কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তকারীরাও যুক্ত রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থলটি হাইওয়ে ১০-এর কাছাকাছি র্যাং দে জকসকাইস সড়কের পাশে অবস্থিত।
জরুরি ফোনকলের মাধ্যমে পুলিশকে জানানো হয়েছিল যে একটি হেলিকপ্টার বিপদে পড়েছে এবং সেটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে থাকতে পারে। খবর পাওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে রাত ১০টার আগে পর্যন্ত ঘটনাস্থলে তদন্ত ও উদ্ধারকাজ চলতে থাকে।
নিহতদের পরিচয় শনাক্ত করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন