প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুক্তির পর থেকেই দক্ষিণী তারকা নানির বড় বাজেটের সিনেমা ‘দ্য প্যারাডাইস’ নানা সমালোচনার সম্মুখীন হয়েছে। সিনেমাটির অতিরিক্ত হিংস্রতা এবং অ্যাকশন দৃশ্যের আধিক্য নিয়ে আপত্তি উঠলেও, বক্স অফিসে এটি এগিয়ে চলেছে। মুক্তির ষষ্ঠ দিনে ছবিটি বিশ্বব্যাপী ১৫০ কোটি রুপির বেশি আয় করেছে।
বক্স অফিস সম্পর্কিত ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ছয় দিনে ভারতে সিনেমাটির নেট আয় ১০১ কোটি ৫০ লাখ রুপি দাঁড়িয়েছে। একই সময়ে দেশটিতে এর মোট আয় বা গ্রস সংগ্রহ ১২০ কোটি রুপি।
প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ষষ্ঠ দিনে ভারতের ৫ হাজার ৭৭২টি প্রদর্শনী থেকে ‘দ্য প্যারাডাইস’ ৪ কোটি ৪০ লাখ রুপি আয় করেছে। আন্তর্জাতিক বাজারে একই দিনে ছবিটির আয় ৫০ লাখ রুপি। ফলে বিদেশের বাজারে সিনেমাটির মোট গ্রস সংগ্রহ ৩০ কোটি ৫০ লাখ রুপি হয়েছে।
সব মিলিয়ে ‘দ্য প্যারাডাইস’-এর মোট গ্রস আয় ১৫০ কোটি ৫০ লাখ রুপি। অর্থাৎ, মুক্তির প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই নানির সিনেমাটি দেড় শ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে।
তবে বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সিনেমাটি নিয়ে সমালোচনাও অব্যাহত রয়েছে। ছবির অতিরিক্ত হিংস্রতা ও অ্যাকশন দৃশ্যের ওপর নির্ভরশীলতা নিয়ে সমালোচকদের একাংশ আপত্তি তুলেছেন।
তাদের মতে, প্রতিটি অ্যাকশন দৃশ্যকে আগেরটির চেয়ে আরো তীব্র করে তোলার চেষ্টা এবং একের পর এক নৃশংস দৃশ্যের উপস্থাপন অনেক ক্ষেত্রে সহনশীলতার সীমা ছাড়িয়েছে।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি নারী চরিত্র সুব্বলক্ষ্মী। সিনেমায় সুব্বলক্ষ্মী দরিদ্র পরিবারের এক তরুণী। অর্থের প্রয়োজনে সে নিজের কিছু ইঙ্গিতপূর্ণ ভিডিও তৈরি করে বিক্রি করে। তবে কেন সে এমন পরিস্থিতিতে পড়েছে, তার নিজের ইচ্ছা কী এবং কিভাবে সে এই বাস্তবতার সঙ্গে লড়ছে—এসব বিষয়ে খুব বেশি অনুসন্ধান করা হয়নি বলে সমালোচনা উঠেছে।
বিতর্ক আরও বাড়ে একটি সংলাপকে ঘিরে। সুব্বলক্ষ্মীর মা তাকে ‘সিঙ্গেল শট অভিনেত্রী’ হিসেবে উল্লেখ করেন। চরিত্রটির শরীর ও ভিডিও তৈরির বিষয়টি যেভাবে পর্দায় দেখানো হয়েছে, সেটিকে অনেকে নারীকে পণ্য হিসেবে উপস্থাপনের উদাহরণ হিসেবে দেখছেন।
এখানে সমালোচনার বিষয়টি শুধু একটি দৃশ্যের ভালো বা খারাপ হওয়া নয়। বরং সিনেমার মূল বক্তব্যের সঙ্গে নারী চরিত্রের উপস্থাপনার সামঞ্জস্য আছে কি না, সেটিই বড় প্রশ্ন। যে সিনেমা প্রান্তিক মানুষকে ‘মানুষ হিসেবে দেখার’ দাবি করে, সেখানে একজন তরুণীর শরীর ও যৌন আবেদনকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে—এ প্রশ্নই বিতর্ককে আরও তীব্র করেছে।
এমন সমালোচনার মধ্যেও ‘দ্য প্যারাডাইস’ আয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে। দর্শক ও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে বিশ্বব্যাপী দেড় শ কোটি রুপির ঘর পেরিয়েছে নানির এই বড় বাজেটের সিনেমা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন