প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে একটি স্কুলবাস চালক অসুস্থ হয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণ হারানো বাসটি থামিয়ে ২০ জন শিশুর জীবন রক্ষা করেছেন এব্রো আহমেদ (২৭)। তিনি ঝুঁকি নিয়ে বাসের ভেতরে উঠে জরুরি ব্রেক কষে একটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা করেন।
এই ঘটনা স্থানীয় সময় গত সোমবার মিনেসোটার সেন্ট পল এলাকায় ঘটে। এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এব্রো আহমেদ বলেন, “আমি সত্যিই মনে করেছি, এটা আমার দায়িত্ব। আর এখানে আমরা শিশুদের কথা বলছি। এমনকি এ কাজ করতে গিয়ে আমার মৃত্যু হলেও তা সার্থক হতো।”
সোমবারের ঘটনাটি একটি নজরদারি ক্যামেরায় ধারণ করা হয়। পরে ইয়্যা ব্রিকস স্ন্যাকস অ্যান্ড টোব্যাকো নামের দোকান কর্তৃপক্ষ ভিডিওটি প্রকাশ করে।
এব্রো জানান, তিনি তখন দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন এবং একটি স্কুলবাসকে পাশ দিয়ে যেতে দেখেন, যার দরজা খোলা ছিল। বাসের ভেতরে তাকিয়ে তিনি চালককে সমস্যায় ভুগতে দেখেন। এই অবস্থায় তিনি দৌড়ে বাসের কাছে যান, ভেতরে উঠে পড়েন এবং কয়েক সেকেন্ডের মধ্যে জরুরি ব্রেক টেনে ধরেন। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ঘটনার ভয়াবহতা বর্ণনা করে এব্রো বলেন, “কিছু শিশু চিৎকার করছিল, আবার কেউ শান্ত ছিল। সামনের আসনে থাকা দুটি মেয়ে আমাকে অনেক সাহায্য করেছে। আমি তাদের একজনের হাতে আমার ফোন ও চশমা দিয়ে সেগুলো ধরে রাখতে বলেছিলাম।”
এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে এব্রো জনপ্রিয় টিভি সিরিজ গ্রে’স অ্যানাটমির প্রশংসা করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রচারিত চিকিৎসাবিষয়ক নাটক থেকে শেখা বিষয়গুলো তাকে পরিস্থিতি সামাল দিতে সহায়তা করেছে।
সেন্ট পল পাবলিক স্কুলস কর্তৃপক্ষ জানায়, বাসটিতে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে জরুরি চিকিৎসাকর্মীরা পৌঁছান। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
স্কুল কর্তৃপক্ষ আরও জানায়, শিক্ষার্থীদের অন্য একটি বাসে স্থানান্তর করে বাড়ি পাঠানো হয়। ঘটনার পরদিন মঙ্গলবার কাউন্সেলররা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের মানসিক অবস্থার খোঁজ নেন।
সেন্ট পল পাবলিক স্কুলসের এক মুখপাত্র জানান, স্কুলবাসের চালককে পরে হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে আছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন