প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সরকার কানাডার প্রতি আহ্বান জানিয়েছে, বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য। দুই দেশের মধ্যে শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করার উদ্দেশ্যে এই আহ্বান করা হয়েছে।
আজ বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
দিনের শুরুতে অনুষ্ঠিত বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় পরামর্শের ষষ্ঠ বৈঠকে যৌথ সভাপতিত্ব করার জন্য এপ ঢাকা সফরে আসেন।
বৈঠকে শামা ওবায়েদ বৈধ ভ্রমণ এবং শিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ সহজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি অনিয়মিত অভিবাসন বন্ধ করার পাশাপাশি দক্ষ জনশক্তির অভিবাসন উৎসাহিত করার জন্য সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন।
বাংলাদেশ ও কানাডার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কানাডার গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের প্রশংসাও করেন।
কানাডায় বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধ হিসেবে এই জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে সৃজনশীল অর্থনীতির গুরুত্বের ওপর জোর দেন। বিশেষ করে নারীদের অংশগ্রহণ ও অবদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।
অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে শামা ২০২৫ সালে দুই দেশের বাণিজ্য প্রায় ৪০০ কোটি কানাডীয় ডলারে উন্নীত হওয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বাণিজ্যে বৈচিত্র্য আনা এবং বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে কৃষি, জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) এবং দক্ষতা উন্নয়নের বিষয়গুলো উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
কানাডার দীর্ঘদিনের উন্নয়ন সহায়তার প্রশংসা করেন শামা। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর আরও তিন বছর বাংলাদেশি পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতিকে স্বাগত জানান তিনি।
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করার সময় কানাডার ধারাবাহিক মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাটিতে দেশটির সমর্থনের জন্য ধন্যবাদ জানান শামা।
তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য কানাডার অব্যাহত সহযোগিতা চান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত ১৯ নভেম্বর দেওয়া আইসিজের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত তাদের জন্য অব্যাহত মানবিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, অভিবাসন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন