প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষকের চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে দীর্ঘ অনুপস্থিতির কারণে। চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে রয়েছেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুই শূন্য পদে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান সোমবার (৭ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন। একই দিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
রেজিস্ট্রার দপ্তর ও শিক্ষক সেল সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে অনুপস্থিতির কারণে এই দুই শিক্ষককে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৯ জুন ২৭৪তম সিন্ডিকেটে শর্ত সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, যদি তারা আগামী ১৫ কর্মদিবসের মধ্যে কর্মস্থলে যোগদান না করেন, তবে তাদের চাকরিচ্যুত করা হবে এবং ইউজিসির নিয়ম অনুযায়ী একই বছরে তাদের স্থলে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ১৫ কর্মদিবস পার হওয়ার পরও ৩০ দিন অপেক্ষা করা হয়েছে, কিন্তু তারা যোগদান না করায় নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এদিকে, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ২৮ আগস্ট পর্যন্ত সবেতনে শিক্ষাছুটিতে ছিলেন। এরপর ২০২২ সালের ২৫ আগস্ট থেকে তার বেতন বন্ধ হয়ে যায় এবং ২০২৪ সাল পর্যন্ত বিনা বেতনে ছুটি ভোগ করেন। এরপর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পাননি এবং অনুমোদন ছাড়াই কানাডায় অবস্থান করছেন।
অন্যদিকে, সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনার নির্দিষ্ট ছুটি শেষ হওয়ার পর অসুস্থতার কারণে ভিন্ন ক্যাটাগরিতে ছুটি চাওয়ার চেষ্টা করেন। তবে বিধি অনুযায়ী, ভিন্ন ক্যাটাগরিতে ছুটি নিতে হলে ক্যাম্পাসে এসে আবেদন করতে হয় এবং প্রয়োজনীয় ডকুমেন্টসও জমা দিতে হয়। সূত্র জানায়, তিনি আমেরিকার পাসপোর্টের আবেদন করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক চাকরিচ্যুত করা হয়েছে। আপাতত বিস্তারিত ফোনে বলতে পারছি না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন