প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোণা, ১০ নভেম্বর, ২০২৬ : কলমাকান্দা উপজেলার দু’টি ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কার কর্মসূচির উদ্বোধন সম্পন্ন হয়েছে।
এ কর্মসূচিটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ১৫ লাখ ৭৫ হাজার টাকার বরাদ্দে বাস্তবায়িত হচ্ছে। এর ফলে স্থানীয় ৭৫ জন নারী-পুরুষ শ্রমিকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এবং বিকেলে লেংগুরা ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
পাঁচগাঁও এলাকায় উদ্বোধন করেন প্রধান অতিথি কমলকান্দা নির্বাহী কর্মকর্তা এন.এম. আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল, উপজেলা প্রকৌশলী মো. মুমিনুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, পিসিসির প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব দাস, উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাস ও চয়ন রিছিল।
অন্যদিকে, কাঁঠালবাড়ী এলাকার উদ্বোধনী অনুষ্ঠানে টিডব্লিউএ কলমাকান্দার চেয়ারম্যান মুকুট স্নাল, শিক্ষক মো. মাকসুদুর রহমান বিপ্লব, ইউপি সদস্য মো. মহসীন কবীর, তপন দিও, সুহাস চিরান, সুজিত মানখিন ও অঞ্জন সাংমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকল্পের তথ্য অনুযায়ী, প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের উদ্যোগে ‘ইনিশিয়েটিভ ফর হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন (আইএইচআরইপি)’ প্রকল্পের আওতায় এই কাজ পরিচালিত হচ্ছে।
রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় ১.৫ কিলোমিটার এবং লেংগুরা ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকায় ১ কিলোমিটার—মোট আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কার করা হবে। খাল দুটির প্রতিটির প্রস্থ ১৫ ফুট এবং গভীরতা ৩ ফুট নির্ধারণ করা হয়েছে।
পাঁচগাঁও এলাকায় ৪৫ জন শ্রমিক ২৫ কর্মদিবসে পুনঃসংস্কারের কাজ সম্পন্ন করবেন এবং এ অংশের জন্য বরাদ্দ রয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৫শ’ টাকা।
অন্যদিকে, কাঁঠালবাড়ী এলাকায় ৩০ জন শ্রমিক কাজ করবেন। উভয় এলাকার শ্রমিকদের দৈনিক মজুরি ৭শ’ টাকা নির্ধারণ করা হয়েছে এবং আগামীকাল বুধবার থেকে পুরোদমে কাজ শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।
শ্রমিকদের মজুরি সাপ্তাহিক ভিত্তিতে প্রদান করা হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, খাল দুটি পুনঃসংস্কার সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশনব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, জলাবদ্ধতা নিরসন হবে, পরিবেশের ভারসাম্য রক্ষিত হবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন