প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৩ সেপ্টস্বর, ২০২৬ : টেকসই কৃষির জন্য উদ্ভাবিত হয়েছে রিমোট সেন্সিংভিত্তিক নির্ভুল নাইট্রোজেন ব্যবস্থাপনা প্রযুক্তি ‘এন-ফার্টিস্মার্ট’। এই প্রযুক্তিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের গবেষকদ্বারা তৈরি করা হয়েছে। গবেষকরা জানিয়েছেন, এই প্রযুক্তির ব্যবহারের ফলে প্রচলিত সুপারিশের তুলনায় গড়ে প্রায় ২২ শতাংশ নাইট্রোজেন সার সাশ্রয় করা সম্ভব।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) সহযোগিতায় পরিচালিত প্রকল্পটির প্রোটোটাইপ বর্তমানে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ প্রদর্শিত হচ্ছে। গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রযুক্তিটির উদ্ভাবনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
‘এন-ফার্টিস্মার্ট’ স্যাটেলাইট ও রিমোট সেন্সিংভিত্তিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে কৃষিজমির বিভিন্ন অংশের নাইট্রোজেনের প্রয়োজনীয়তা নির্ধারণ করে। এরপর স্থান ও পরিমাণভিত্তিক সার প্রয়োগের সুপারিশ করে। গবেষণায় দেখা গেছে, প্রচলিত ‘ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইড-২০২৪’ অনুযায়ী হেক্টর প্রতি প্রায় ১৭৪ কেজি নাইট্রোজেনের পরিবর্তে এই প্রযুক্তির মাধ্যমে তা প্রায় ১৩৫ দশমিক ৭০ কেজিতে নামিয়ে আনা সম্ভব।
গবেষকদের মতে, অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহারে কৃষকের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় এবং এটি মাটি, পানি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে। ‘এন-ফার্টিস্মার্ট’ জমির প্রকৃত চাহিদা অনুযায়ী সার প্রয়োগে সহায়তা করে, যা সারের অপচয়, কৃষকের ব্যয় এবং অতিরিক্ত নাইট্রোজেনের পরিবেশগত ক্ষতি কমাতে সাহায্য করবে।
গবেষণায় যুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. মো. আতাউল গনি, ড. এ এম এম গোলাম আদম, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং তরুণ গবেষক বিপ্লব বিশ্বাস ও মো. নাজিম শরিফ।
গবেষকরা বিশ্বাস করেন, যদি প্রযুক্তিটি আরও উন্নত করে দেশের বিভিন্ন কৃষি অঞ্চলে বৃহৎ পরিসরে প্রয়োগ করা যায়, তবে কৃষকের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি সারের অপচয় ও পরিবেশদূষণ হ্রাস এবং টেকসই কৃষি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন