প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এবং সাধারণ মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছানোর জন্য প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
তিনি উল্লেখ করেছেন, মাঠ প্রশাসন সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ শক্তি। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি পারস্পরিক ভেদাভেদ ভুলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন, তবে জনকল্যাণমূলক উদ্যোগগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়িত হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত এলসিএস (LCS) শ্রমিকদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
২০২৫-২৬ অর্থবছরের জন্য কিশোরগঞ্জ জেলার পরিচালন বাজেটের আওতায় গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ (Off Pavement) প্রকল্পে কর্মরত শ্রমিকদের এ চেক বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের নীতি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মাঠ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের কাছে সরকারের অর্জন পৌঁছাতে প্রশাসনের প্রতিটি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার বিকল্প নেই।
তিনি যোগ করেন, দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে এগিয়ে নিতে বর্তমান সরকার জনকল্যাণে বিভিন্ন উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনার বাস্তব সুফল নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃত্ব, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে জনবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালন করেন, তবে উন্নয়ন কার্যক্রমের গতি আরও বৃদ্ধি পাবে।
কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে চেকপ্রাপ্ত এলসিএস শ্রমিকদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শ্রমিকদের হাতে চেক তুলে দেওয়া হয়।
এর আগে, প্রতিমন্ত্রী শরীফুল আলম দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় কুলিয়ারচরের ফরিদপুর বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সকাল ১১টায় ছয়সূতী জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আরেকটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
পরে কুলিয়ারচরের কালী নদীতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতেও অংশ নেন প্রতিমন্ত্রী। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এলসিএস শ্রমিকদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।
সফরসূচি অনুযায়ী, বিকেল ৪টায় সালুয়া এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ডুমরাকান্দা ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচিও রয়েছে প্রতিমন্ত্রীর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন