প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুর জেলায় ৬১টি ইটভাটার মধ্যে একটি ইটভাটারও বৈধ লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। অভিযোগ উঠেছে, ফসলি জমিতে গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটায় কাঠ জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে। এর ফলে একদিকে বনজ ও ফলজ গাছের উজাড় ঘটছে, অন্যদিকে কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রভাবশালী ভাটা মালিকদের বিরুদ্ধে ফসলি জমির মাটি কাটার অভিযোগও রয়েছে।
তদন্তের মাধ্যমে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে ২৫টি ইটভাটা রয়েছে। সদর উপজেলায় মোট ভাটার সংখ্যা ৩৭টি। শিবচরে ১৫টি, কালকিনিতে ৮টি এবং ডাসার উপজেলায় একটি ইটভাটা অবস্থিত। জেলার প্রতিটি উপজেলায় অবৈধ ইটভাটার বিস্তার ঘটলেও পাঁচখোলা ইউনিয়নের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক বলে স্থানীয়দের অভিযোগ।
সরেজমিনে পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন ইটভাটা পরিদর্শন করে দেখা যায়, ফসলি জমির মাঝখানে বিশাল চিমনি স্থাপন করা হয়েছে। ভাটার পাশে কাঠ কাটার করাতকল বসানো হয়েছে, যেখানে বনজ ও ফলজ গাছ কাটা হচ্ছে। বাগান থেকে কাঠ এনে সরাসরি ইট পোড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে। আইন অনুযায়ী ইটভাটায় কয়লা ব্যবহারের কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এর ফলে কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রব ব্যাপারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ইটভাটার কারণে আমাদের এলাকার পরিবেশ আজ ধ্বংসের মুখে। কালো ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে থাকে। ভাটার মালিকরা জোরপূর্বক আমাদের ফসলি জমি কেটে নিচ্ছেন। সারাদিন মাটিবাহী ট্রাক্টর ও ড্রামট্রাক চলাচলের কারণে গ্রামীণ রাস্তাঘাট ভেঙে একাকার হয়ে গেছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী কৃষক বলেন, “ইটভাটার মালিকরা এলাকার খুবই প্রভাবশালী। তাঁদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রতিবাদ করলে এলাকায় থাকা যায় না। তাঁরা পুকুরের মতো গভীর করে ফসলি জমি কাটেন। এতে পাশের কৃষকদের উর্বর জমিও ভেঙে ধসে পড়ে। বাধ্য হয়ে নামমাত্র মূল্যে তাঁদের কাছে জমি বিক্রি করতে হয়। আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই।”
এ বিষয়ে মাদারীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার বলেন, “জেলায় পরিচালিত ইটভাটাগুলোর কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স নেই। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হবে। তবে দুঃখজনক হলেও সত্য, বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত বা অভিযান পরিচালনা করতে গেলে ভাটার মালিকরা নানাভাবে বাধা সৃষ্টি করেন। তবু জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বলবৎ থাকবে।”
পরিবেশবাদী ও সচেতন মহলের মতে, অবিলম্বে এসব অবৈধ ইটভাটা বন্ধ করা না হলে মাদারীপুরের উর্বর কৃষিজমি ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন