প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬ : সরকার ঔষধ প্রশাসন অধিদপ্তরে ১৭ জন ঔষধ তত্ত্বাবধায়ক (নন-ক্যাডার) নিয়োগ প্রদান করেছে। জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে তাদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ২২ নভেম্বরের মধ্যে যোগদান করতে হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গত ১৫ নভেম্বর এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ২০ মে'র সুপারিশ এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১২ অনুসরণ করে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
অধিদপ্তরের শূন্য পদের বিপরীতে মেধাক্রম অনুযায়ী ১৭ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ২২ নভেম্বর মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবর যোগদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরিতে যোগদানে সম্মত নন বলে গণ্য করা হবে এবং তাঁর নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের চাকরির প্রথম দু'বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। প্রয়োজনে সরকার এ মেয়াদ আরও দুই বছর বাড়ানোর ক্ষমতা রাখে। শিক্ষানবিশকালে কোনো কর্মকর্তা চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে, কারণ দর্শানো ছাড়াই তাঁকে চাকরি থেকে অপসারণ করা যাবে।
নিয়োগপ্রাপ্তদের সরকার নির্ধারিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ শুরুর পূর্বে একজন জামিনদারসহ ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে।
শিক্ষানবিশকালে অথবা শিক্ষানবিশকাল শেষ হওয়ার পরবর্তী তিন বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দিলে প্রশিক্ষণকালে প্রাপ্ত বেতন-ভাতা, প্রশিক্ষণ ব্যয়সহ সংশ্লিষ্ট অর্থ ফেরত দিতে হবে।
এছাড়া, নিয়োগপ্রাপ্তদের দেশের যেকোনো স্থানে বদলি করা যাবে। চাকরিতে যোগদানের সময় তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ জমা দিতে হবে। একই সঙ্গে যৌতুক গ্রহণ বা প্রদান না করার বিষয়ে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে কোনো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য তথ্যের ঘাটতি, জালিয়াতি কিংবা অসত্য তথ্য প্রমাণিত হলে তার নিয়োগ বাতিল করা হবে। গুরুতর অনিয়মের ক্ষেত্রে চাকরি থেকে বরখাস্তের পাশাপাশি প্রশাসনিক ও ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যাবে।
জনস্বার্থে এ নিয়োগাদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন