প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত জুনে বিশ্বকাপ চলাকালীনই লিভারপুলের সঙ্গে পথচলার ইতি টেনেছেন মোহামেদ সালাহ। চলমান দলবদল উইন্ডোতে ফ্রি এজেন্টদের মধ্যে সবচেয়ে বড় নামটি তার। স্বাভাবিকভাবেই এই মিশরীয় তারকার পরবর্তী গন্তব্য নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহের অভাব নেই। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের ক্লাবগুলোর আগ্রহের কথা শোনা গেলেও, অনেকটা বিস্ময় জাগিয়ে তুরস্ককে পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিতে যাচ্ছেন সালাহ।
মিশরের সুপারস্টার সালাহ, প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুল ছাড়ার পর তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা করছেন বলে মঙ্গলবার (৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্লাবটি।
ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বুধবার (৫ আগস্ট) সালাহ প্রথমে ইস্তাম্বুলে পৌঁছাবেন, পরে তিনি ট্রাবজনে যাবেন। একাধিক সংবাদমাধ্যমের দাবি, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড তুরস্কে ক্যারিয়ার চালিয়ে যেতে তিনি দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছেন।
ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, 'ট্রাবজনে তাকে স্বাগত জানানোর অনুষ্ঠান কখন এবং এ-সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য ক্লাবের অফিসিয়াল যোগাযোগমাধ্যমে জানানো হবে।'
লিভারপুলে গত মৌসুম শেষে সালাহ ফ্রি এজেন্ট হয়ে যান। অ্যানফিল্ডে নয় মৌসুমে তিনি ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করেছেন। এ সময়ের মধ্যে তিনি লিভারপুলের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, দুটি লিগ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ।
সালাহকে ঘিরে যুক্তরাষ্ট্রের এমএলএস ও সৌদি আরবের ক্লাবগুলোর আগ্রহের কথাও শোনা গিয়েছিল। এছাড়া ট্রাবজনস্পোরের তুর্কি প্রতিদ্বন্দ্বী বেসিকতাসও গত সপ্তাহে তাকে প্রস্তাব দিয়েছিল।
গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় স্থান অর্জন করে ট্রাবজনস্পোর, ফলে তারা আগামী মৌসুমের উয়েফা ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।
চেলসি, রোমা ও ফিওরেন্টিনার সাবেক এই তারকা এবারের বিশ্বকাপে মিশরের হয়ে পাঁচটি ম্যাচ খেলেন এবং দলকে শেষ ষোলোতে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেন মিশর।
লিভারপুল থেকে সালাহর বিদায়ের ঘোষণা মার্চ মাসেই দেওয়া হয়েছিল। যদিও তিনি লিভারপুলের রেকর্ড ২০তম লিগ শিরোপা জয়ের পর ২০২৫ সালের এপ্রিলে দুই বছরের নতুন চুক্তি করেছিলেন। তবে গত মৌসুমে তার পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়ে। বছরের শেষ দিকে টানা তিন ম্যাচ তাকে একাদশের বাইরে রাখা হয়। এরপর সালাহ সংবাদমাধ্যমকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে অভিযোগ করেন, দলের হতাশাজনক ফলাফলের জন্য ক্লাব তাকে 'বলির পাঁঠা বানিয়েছে'।
তখনকার কোচ আর্নে স্লটের সঙ্গে নিজের সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি এবং জানুয়ারির ট্রান্সফার উইন্ডো পর্যন্ত ক্লাবে থাকবেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন। এরপর ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের দল থেকেও তাকে বাদ দেওয়া হয়।
যদিও আফ্রিকা কাপ অব নেশন্স শেষে সালাহ আবার দলে ফিরেছিলেন, তবুও তিনি আগের সেই দুর্দান্ত ছন্দে ফিরতে পারেননি, যে ছন্দে তিনি চারবার প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন