প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন দীর্ঘদিন ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে আসছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শারীরিক অবস্থার খবর শেয়ার করেছেন। হাসপাতালের শয্যা থেকে দেওয়া তার বার্তায় কষ্টের পাশাপাশি সুস্থ হয়ে ফেরার দৃঢ় প্রত্যয়ের কথা উঠে এসেছে।
সামিয়া হাসপাতালের একটি ছবির মাধ্যমে জানান, ‘আমার তৃতীয় কেমো শেষ হলো।’
এরপর তিনি তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে লেখেন, ‘আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব। আমার একটাই প্রার্থনা, আমার শরীরে যেন আর কখনো ক্যান্সার বাসা বাঁধতে না পারে।’
অক্টোবর মাসটি ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পরিচিত। এই প্রসঙ্গ উল্লেখ করে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের তিনি নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘নিজের শরীরের প্রতি সচেতন হোন। অস্বাভাবিক কোনো পরিবর্তন অবহেলা করবেন না; সময়মতো স্ক্রিনিং ও নিয়মিত চেকআপ করুন। কারণ প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় বড় ধরনের পরিবর্তন আনতে পারে।’
নিজের যত্ন নেওয়া এবং সচেতন থাকা হলো নিজের প্রতি আসল ভালোবাসা—এই বার্তাও তিনি দিয়েছেন।
সামিয়ার এই পোস্টের পর তার জন্য প্রার্থনা করছেন ভক্ত ও শোবিজ অঙ্গনের সহকর্মীরা। মন্তব্যের ঘরে মৌসুমী নাগ, নিপুণ আক্তার, জাকিয়া বারী মম, শাহনাজ খুশী, দীপা খন্দকার, তানভীন সুইটি, ফাহমিদা নবীসহ অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও ভালোবাসার বার্তা দিয়েছেন।
জানা গেছে, সামিয়া আফরিন প্রায় পাঁচ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। ২০২২ সালের এপ্রিলে তার কোলন ক্যান্সার শনাক্ত হয়। সে সময় সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি স্বাভাবিক জীবনে ফেরেন।
তবে চলতি বছরে নতুন করে তার শরীরে ডিম্বাশয়ের ক্যানসার শনাক্ত হয়। সম্প্রতি অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি কেমোথেরাপি নিচ্ছেন।
এর আগে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ায় মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন সামিয়া। সেই সময়ের ছবি প্রকাশ করে জীবনের এই পরিবর্তনকে ইতিবাচকভাবেই গ্রহণ করার কথা জানিয়েছিলেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন