প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিশুদের মেধা ও মননের বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াচর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি উল্লেখ করেছেন, "আজকের শিশুরাই আগামী দিনের দেশের কর্ণধার।" তাই তাদের যোগ্য, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব পালন করা প্রয়োজন।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের খুলনা মহানগর শাখার ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, শিশুদের লেখাপড়ায় মনোযোগী করার পাশাপাশি তাদের সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। অভিভাবকদেরও শিশুদের মানসিক বিকাশের বিষয়ে সচেতন থাকতে হবে। পারিবারিক ও সামাজিক আচরণের কারণে কোনো শিশু যেন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। একই সঙ্গে শিশুদের অবহেলা ও নানা প্রতিকূলতা থেকে সুরক্ষা দিতে হবে।
তিনি উল্লেখ করেন, বর্তমানে শিশুদের মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি একটি উদ্বেগের বিষয়। এ আসক্তি থেকে তাদের বের করে এনে সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, মাইন্ড ম্যারাথন, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কাউন্সিলর মুজাহিদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা। এ ছাড়া উপদেষ্টা সভাপতি প্রফেসর ড. শাহ আলম ও উপদেষ্টা কোষাধ্যক্ষ ডা. এহসানুল কবিরসহ ফুলকুঁড়ি আসরের বিভিন্ন পর্যায়ের সংগঠক, অভিভাবক ও শিশু-কিশোররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফুলকুঁড়ি আসরের স্লোগান ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’। এই আদর্শ ধারণ করে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন