প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ফলে দেশটির বহু সংখ্যালঘু মুসলিম নাগরিক চরম অনিশ্চয়তা ও নাগরিকত্ব সংকটের সম্মুখীন হয়েছেন। এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে যে, তালিকা থেকে নাম গায়েব হওয়ার কারণে অনেককে ভিনদেশি বা বাংলাদেশি তকমা দিয়ে আটক করা হচ্ছে এবং জোরপূর্বক পুশব্যাক বা বহিষ্কারের মতো ঘটনা ঘটছে।
রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মুম্বাইয়ের ৩৮ বছর বয়সী সাহিদা ফকির গত ১৯ জুলাই সবজি কেনার উদ্দেশ্যে ঘর থেকে বের হন। কিন্তু এরপর তাকে আটক করে জোরপূর্বক সীমান্তের অরক্ষিত ও উন্মুক্ত পথ দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বর্তমানে তিনি পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের একটি গ্রামে মানবেতর জীবনযাপন করছেন। আদালতের নথিপত্র অনুযায়ী, এই ঘটনার সঙ্গে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা জড়িত ছিল।
একই ধরনের হয়রানির শিকার হয়েছেন নসিরুদ্দিন শেখ নামের এক হকার। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর তাকে ৩২ দিন ধরে একটি কঠোর নিরাপত্তার ঘেরাটোপে আটক রাখা হয়। এ সময় এক পুলিশ কর্মকর্তা তাকে জানান যে, ভোটার তালিকায় নাম না থাকায় তিনি একজন ‘বাংলাদেশি’। পরবর্তীতে আদালতের শুনানির ঠিক আগের রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। আটকদের অভিযোগ, সেখানে বায়োমেট্রিক নিবন্ধন ও স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে তাদের বন্দিশালায় রাখা হয়েছিল, যা যেকোনো অর্থে একটি জেলের মতোই ছিল।
মানবাধিকার কর্মী কিরিতি রায় জানিয়েছেন, ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা আদালতে ঝুলে আছে এবং বিচার পেতে মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ট্রাইব্যুনালের এই ধীরগতির কারণে ভুক্তভোগী সাধারণ মানুষ চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন। এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রাজ্যে কোনো স্থায়ী আটক কেন্দ্র নেই, তবে মুর্শিদাবাদের মতো বিভিন্ন জায়গায় সন্দেহভাজন অভিবাসীদের জন্য তৈরি হোল্ডিং সেন্টারে কড়া পাহারা ও বন্দী রাখার চিত্র দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার এই পুরো প্রক্রিয়ার সঙ্গে অভিবাসী বহিষ্কারের একটি বড় যোগসূত্র রয়েছে। তবে এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: রযটার্স।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন