প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর মির্জাগঞ্জে দুই দিন নিখোঁজ থাকার পর ইসরাত জাহান যূথী (১৬) নামের এক স্কুলছাত্রীর লাশ বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রীর নাম ইসরাত জাহান যূথী (১৬)। তিনি মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের জামাল হাওলাদারের কন্যা এবং সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
এ বিষয়ে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম সরোয়ার।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে ইসরাত জাহান যূথী বাড়ি থেকে রওনা দিয়ে স্কুলে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান। ওই দিনই পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। দুই দিন ধরে পুলিশ ও স্বজনেরা তাকে খুঁজে বেড়ান, কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি ডোবায় তার লাশ পাওয়া যায়।
নিহত স্কুলছাত্রীর বাবা জামাল হাওলাদার বলেন, ‘ইসরাত মঙ্গলবার স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। বিকেলে স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে না আসায় আমরা অনেক খোঁজাখুঁজি করি। আজকে সকালে বাড়ি থেকে একটু দূরে রাস্তার পাশে এক জোড়া জুতা পাওয়া যায়। জুতার সূত্র ধরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করি। এরপর আরেকটু দূরে গিয়ে দেখি ধানখেতের পাশে একটি ডোবায় আমার মেয়ের লাশ পড়ে রয়েছে। পরনের কাপড়-চোপড়ও এলোমেলো ছিল। বখাটেরা ধর্ষণ করে আমার মেয়েটিকে হত্যা করেছে। পরে বিষয়টি থানার পুলিশকে জানাই।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন