প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের প্রেমের সম্পর্কের সূচনা হয়েছিল একটি চীনা ব্যবসায়ীর মাধ্যমে। উল্লেখযোগ্য বিষয় হলো, ওই ব্যবসায়ী কাং ওয়েই ছিলেন অ্যালিসের স্বামী।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক লিংলিং ওয়েইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জেনসেন হুয়াংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তার এক দশকের পরিচিত চীনা ব্যবসায়ী কাং ওয়েই। তবে এনভিডিয়ার সিইও পরবর্তীতে সেই অ্যালিস হুয়াংয়ের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।
প্রতিবেদনে জানানো হয়েছে, ওই দম্পতির সঙ্গে পরিচিত ব্যক্তিদের মতে, কাং ওয়েই প্রায় দুই বছর ধরে স্ত্রীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের প্রেমের সম্পর্ক মেনে নিয়েছিলেন। এমনকি তিনি পরিচিতদের কাছে স্ত্রীর সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠতার বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করতেন।
কখনো কখনো অর্ধেক রসিকতার ছলে তিনি বলতেন, অ্যালিস হুয়াং জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন।
চীন, সিঙ্গাপুর, তাইওয়ানসহ বিভিন্ন দেশে একাধিক ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে কাং ও অ্যালিস তাদের ব্যক্তিগত যোগাযোগকে কাজে লাগিয়েছিলেন। গত এক দশকে তারা ভিডিও গেম কোম্পানি, ওষুধশিল্পের মালিকানা অধিগ্রহণ এবং ক্লাউড কম্পিউটিং খাতে লাভজনক ব্যবসায় যুক্ত হন। এসব ব্যবসায় তারা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে মালিকানা হস্তান্তর এবং একে অপরের সঙ্গে সম্পর্কিত কোম্পানির নেটওয়ার্ক গড়ে তোলেন।
এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ ছিল তাদের সর্বশেষ ব্যবসায়িক আগ্রহের ক্ষেত্র। তবে বিভিন্ন সময়ে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে তাদের বিরোধে জড়াতে হয়েছে।
একাধিক দেশে তদন্ত
জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আসার পর কাং ও অ্যালিসের ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন দেশে তদন্ত শুরু হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের ধারণা, এনভিডিয়ার প্রধানের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ কাজে লাগাতে চীনের গোয়েন্দা সংস্থাগুলো অ্যালিসকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তবে বেইজিং এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের কর্মকর্তারা মেগাস্পিড নামের একটি ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম খতিয়ে দেখছেন। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা অমান্য করে এনভিডিয়ার কয়েক বিলিয়ন ডলারের এআই চিপ চীনে পাঠানোর অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটি ২০২৩ সালে এনভিডিয়ার ক্লাউড পার্টনার হয়েছিল। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবাকে প্রধান গ্রাহক হিসেবে ব্যবহার করে চিপ সংগ্রহের সুযোগ তৈরি করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে মেগাস্পিড দাবি করেছে, তারা রপ্তানিসংক্রান্ত আইন মেনেই ব্যবসা পরিচালনা করেছে।
তাইওয়ানের কর্তৃপক্ষ ইতোমধ্যে অ্যালিস হুয়াংয়ের প্রবেশ অনুমতি বাতিল করেছে। একই সঙ্গে দ্বীপটিতে তার সফরের উদ্দেশ্য গোয়েন্দা তথ্য সংগ্রহ ছিল কি না, কিংবা তিনি দেশটির অনুপ্রবেশবিরোধী আইন লঙ্ঘন করেছেন কি না, তা তদন্ত করছে।
এ ছাড়া ২০২৫ সালের গ্রীষ্মে সিঙ্গাপুরের কর্তৃপক্ষ অ্যালিসকে আটক করেছিল। পরে দেশটি ছাড়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ভুল তথ্য দেওয়ার অভিযোগে তাকে সিঙ্গাপুরে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট অপরাধে তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে কাং ওয়েইকেও চলতি বছরের শুরুতে সাংহাইয়ে শেয়ারবাজারে কারসাজির অভিযোগের তদন্তের অংশ হিসেবে আটক করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জেনসেন হুয়াংকে কেন্দ্র করে চীনের গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, চীনা গুপ্তচরবৃত্তির যে বয়ান তৈরি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন অনুমান। এটি চীনকে অপবাদ দেওয়ার চেষ্টা ছাড়া কিছুই নয়। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন