প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৭ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ সরকারের সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দুটি ঋণচুক্তি স্বাক্ষর করেছে, যার মোট পরিমাণ ২৭৫ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া, ২ দশমিক ৭২ মিলিয়ন ডলারের একটি অনুদান চুক্তিও সম্পন্ন হয়েছে।
আজ অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লোল্লা উপস্থিত ছিলেন।
প্রথম প্রকল্পটি ‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’ হিসেবে পরিচিত। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এই প্রকল্প বাস্তবায়ন করবে, যেখানে এডিবি ১০০ মিলিয়ন ডলার ঋণ প্রদান করবে।
এই প্রকল্পের মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন অর্থায়নের সুযোগ বৃদ্ধি করা হবে।
দ্বিতীয় প্রকল্পটি ‘সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস প্রজেক্ট’। এই প্রকল্পের জন্য এডিবি ১৭৫ মিলিয়ন ডলার ঋণ এবং ২ দশমিক ৭২ মিলিয়ন ডলার অনুদান দেবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এই প্রকল্প বাস্তবায়ন করবে, যা পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও অনগ্রসর জনগণের জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। এছাড়া, বিদ্যুৎ অবকাঠামোর জলবায়ু সহনশীলতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎনির্ভর অর্থনৈতিক কার্যক্রমের সুযোগ সৃষ্টি করবে।
উভয় ঋণের বার্ষিক সুদের হার ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ঋণ পরিশোধের জন্য পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরের সময়সীমা রয়েছে। দ্বিতীয় প্রকল্পের অনুদানটি এডিবি পরিচালিত জাপান ফান্ড ফর প্রস্পেরাস অ্যান্ড রেজিলিয়েন্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (জেএফপিআর) থেকে প্রদান করা হবে।
এডিবি ১৯৭৩ সালে সদস্যপদ লাভের পর থেকে বাংলাদেশের অন্যতম বৃহৎ বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী হিসেবে বিভিন্ন অগ্রাধিকার খাতে সহায়তা দিয়ে আসছে। এ পর্যন্ত এডিবি বাংলাদেশকে ৩৬ দশমিক ৬৯ বিলিয়ন ডলার ঋণ এবং ৬৩৬ দশমিক ৫২ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন