প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করা হয়েছে, যা বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এবং বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) এই উপলক্ষে র্যালি, কেক কাটা, ওয়েবিনার, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে র্যালি ও কেক কাটার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
উদ্বোধন শেষে উপাচার্য সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "মানুষের জন্মের আদিকাল থেকেই মানুষ হিসাব-নিকাশ করে আসছে। জীবনের হিসাব না মেলাতে পারলে জীবনই বৃথা। আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এর তাৎপর্য অনুধাবন করে তা বাস্তবায়ন করতে হবে। হিসাববিজ্ঞান বিভাগে মেধাবী শিক্ষার্থীরাই ভর্তি হয় এবং তারা বিভিন্ন ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখে।"
তিনি আরও বলেন, "আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপনে ময়মনসিংহ বিভাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যেমন নেতৃত্ব দিচ্ছে, একইভাবে শিক্ষাজীবন শেষেও এই বিভাগের শিক্ষার্থীরা নেতৃত্ব দেবে বলে আশা করছি।"
র্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ড. মো. আজিজুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন সরকার।
এছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত ওয়েবিনারে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
এছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। সন্ধ্যায় জয়ধ্বনি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানের একপর্যায়ে খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
উল্লেখ্য, আধুনিক হিসাববিজ্ঞানের জনক হিসেবে পরিচিত ইতালীয় গণিতবিদ লুকা প্যাসিওলির বিখ্যাত বই ‘সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপরশনি-অ্যাট-প্রপরশনালিটা’ ১৪৯৪ সালের ১০ নভেম্বর ইতালির ভেনিস থেকে প্রথম প্রকাশিত হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ১০ নভেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন করা হয়।
হিসাবরক্ষক, আর্থিক বিশ্লেষক, নিরীক্ষকসহ হিসাববিজ্ঞান পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবদানকে সম্মান জানাতে দিবসটি উদযাপন করা হয়। লুকা প্যাসিওলি ১৪৪৭ সালে ইতালির টুসকানো প্রদেশের সানসেপোলক্রো শহরে জন্মগ্রহণ করেন এবং ১৫১৭ সালে মৃত্যুবরণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন