প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বান্দরবানের লামা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ রেখে এই বাজেট উন্মোচন করা হলো। বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) সকালে লামা পৌরসভা মিলনায়তনে ১১ কোটি ২৩ লাখ তিন হাজার ৬১৩ টাকার বাজেটটি ঘোষণা করা হয়।
বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। ঘোষিত বাজেটে মোট রাজস্ব আয়ের পরিমাণ দুই কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৭২২ টাকা ধরা হয়েছে। রাজস্ব ব্যয় ধরা হয়েছে দুই কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকা। সমাপনী স্থিতি ১৪ লাখ ৩৩ হাজার ৭২২ টাকা।
এ খাতে উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে সাধারণ সংস্থাপন শাখার জন্য এক কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি খাতে ২৫ লাখ ২০ হাজার ও শিক্ষা খাতে দুই লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া পানি সরবরাহ সহ প্রয়োজনীয় বরাদ্দও রাখা হয়েছে।
বাজেটের উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে আট কোটি ৭০ লাখ টাকা। আয় বিবরণে সরকারের উন্নয়ন সহায়তা মঞ্জুরি এক কোটি টাকা, কোভিড-১৯ রিকভারি প্রকল্প বাবদ তিন কোটি টাকা এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ৫০ লাখ টাকা রয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে মঞ্জুরি ৫০ লাখ টাকা পান লামা পৌরসভা।
এ ছাড়া সরকারের বিশেষ বরাদ্দ থেকে অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২০ লাখ টাকা, পৌরভবন সম্প্রসারণে ৫০ লাখ টাকা এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে তিন কোটি টাকা ধরা হয়েছে।
ব্যয় বিবরণে অবকাঠামো উন্নয়ন বাবদ পাঁচ কোটি ৪০ লাখ টাকা, পৌরভবন সম্প্রসারণ ও সংস্কার, স্টাফ ডরমেটরি নির্মাণ, পৌর ভবনের সীমানা প্রাচীর নির্মাণ এবং মার্কেট নির্মাণ বাবদ এক কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য এক কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
বাজেট সভায় স্বাগত বক্তব্য দেন পৌর প্রশাসকের কর্মসম্পাদনে সহায়ক কমিটির সদস্য ও উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ, জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব ও উপজেলা জামায়াতের আমির কাজী মুহাম্মদ ইব্রাহীম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন