প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ছেলেদের এশিয়া কাপের পর এবার মেয়েদের এশিয়া কাপেও একই ঘটনা ঘটেছে। ভারতীয় চ্যাম্পিয়ন দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি।
নারী এশিয়া কাপের দশম আসরের ফাইনালে রোববার শ্রীলঙ্কাকে পরাজিত করে ভারত তাদের অষ্টম ট্রফি অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ম্যাচ শেষ হওয়ার ৫০ মিনিট পর শুরু হয়, যার সঞ্চালনা করেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ফারভিজ মাহারুফ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমে ম্যাচ অফিসিয়ালদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। এরপর রানার্স আপ শ্রীলঙ্কা দলের ক্রিকেটার ও কর্মকর্তারা একে একে পদক গ্রহণ করেন। এসিসি সভাপতি মহসিন নাকভি লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর হাতে রানার্স আপ ট্রফি তুলে দেন। এরপর মাহারুফ বলেন, “পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে …।”
এসময় ভারতীয় দলের উপস্থিতি মঞ্চের সামনে দেখা যায়নি। গত বছর ছেলেদের বেলাতেও একই ঘটনা ঘটেছিল। ভারতীয় পক্ষ থেকে জানানো হয়েছিল, দুই দেশের সামরিক উত্তেজনা চলাকালীন ক্রিকেটীয় সম্পর্ক উষ্ণ হতে পারে না।
এদিকে, এসিসি চেয়ারম্যান নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লা বার্তা সংস্থা আইএএনএস-এর কাছে ভারতীয় দলের ট্রফি গ্রহণ না করার কারণ ব্যাখ্যা করেন।
“আমাদের পুরুষ দল দেড় বছর আগে এশিয়া কাপ জিতেছিল... তবে গত বছরের এপ্রিলে পহেলগাম হামলার পর থেকে পুরো পরিস্থিতিটা পাল্টে যায়। আমাদের নাগরিকদের পক্ষ থেকে চাপ রয়েছে যে, প্রতিবেশী দেশের সঙ্গে কোনো সম্পর্ক না রাখি এবং তাদের সঙ্গে ক্রিকেট না খেলি। যদিও আমাদের সরকারের একটি নীতি রয়েছে যে, বহুজাতিক টুর্নামেন্টগুলোতে আমাদের প্রতিটি দেশের বিরুদ্ধে খেলতে হবে...
কিন্তু এর মানে এই নয় যে, আমাদের জন্য রাখা প্রতিটি শর্ত আমরা মেনে চলব। আমাদের সামরিক সংঘাত এখনও চলছে। আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করা প্রধান নেতাদের একজনের কাছ থেকে আমরা ট্রফি গ্রহণ করতে পারি না। গত বছর পুরুষ দলের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে এবার নারী দলও সংহতি প্রকাশ করেছে।”
গত বছর ছেলেদের এশিয়া কাপ শেষেও সাইকিয়া বলেছিলেন, “আমাদের দল এমন একজনের কাছ থেকে ট্রফিটা নিতে চায়নি, যিনি পাকিস্তানের প্রধান নেতাদের একজন।”
ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় দলের কোচ অমল মজুমদার তাদের অবস্থান তুলে ধরেন।
“আমাদের বোর্ড এই অবস্থান নিয়েছে এবং আমরা এর সঙ্গে একমত। আমাদের জন্য এই টুর্নামেন্ট শেষ, আমরাই চ্যাম্পিয়ন। এটাই যথেষ্ট। বড় বোর্ডে লেখা ছিল যে, ভারত ২০২৬ এশিয়া কাপের চ্যাম্পিয়ন। আমাদের জন্য এই টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শেষ। আমরা চ্যাম্পিয়ন হয়ে খুশি এবং আমরা এশিয়ান গেমসের জন্য অপেক্ষা করছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন