প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের নারীরা জাতীয় পর্যায়ের গণ্ডি অতিক্রম করে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এটাই তাঁর প্রত্যাশা। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মেয়েদের খেলাধুলার সুযোগ ও প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা আবশ্যক।
বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ আরও বলেন, মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে। দাবা, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেটসহ শিক্ষার্থীদের আগ্রহের প্রতিটি খেলায় অংশ নেওয়ার সুযোগ তৈরি করতে হবে। শুধু জাতীয় পর্যায় নয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও বাংলাদেশের মেয়েরা অংশগ্রহণ করবে এবং দেশের প্রতিনিধিত্ব করবে—এটাই লক্ষ্য।
শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে মাঠ, প্রশিক্ষণ, কোচিং কিংবা প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি থাকলে তা কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে তাঁর পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাসও তিনি প্রদান করেন।
তিনি বলেন, নারী শিক্ষার্থীরা দেশের গর্ব। ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্ব আরও শক্তভাবে গ্রহণের জন্য তাদের প্রস্তুত করতে হবে। শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি—সব ক্ষেত্রেই তাদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটানো প্রয়োজন।
শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও মানোন্নয়নে সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, এ ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও ইতিবাচক সহযোগিতা প্রয়োজন। ঐতিহ্যবাহী ও স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজকে আরও মানসম্মত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায় সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে আমন্ত্রণ জানালে শিক্ষার্থীদের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন তিনি।
লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি রুনা লায়লা রুনা। এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন