প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চুয়াডাঙ্গার ফসল আবাদ অসময়ে টানা বৃষ্টির কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে। কৃষকদের ৫০ কোটি টাকারও বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে, যেখানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমন ও আলু আবাদে। কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন এ ক্ষতি কীভাবে পোষাবে তা নিয়ে।
তবে, সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনার আশ্বাস দিয়েছেন।
সূত্র জানায়, কয়েকদিন ধরে চলা বৃষ্টির ফলে চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠের পর মাঠ নষ্ট হয়েছে বাড়ন্ত এবং নতুন লাগানো গাছ। এতে কয়েক হাজার হেক্টর জমির ফসলে পচন ধরেছে।
কৃষকরা জানিয়েছেন, গত ১৯ নভেম্বর থেকে টানা তিন দিন চুয়াডাঙ্গায় বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে কৃষকের ফসলের মাঠে। বৃষ্টির পানিতে ডুবে গেছে ফসলের ক্ষেত ও মাঠ। পানি কমার সঙ্গে সঙ্গে ফসলের ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে। জমিতে পানি জমে থাকার কারণে গরমের প্রভাবে ফসল পচে যাচ্ছে।
তারা আরও জানান, আমন ধান, আলু, সরিষা, গম, পেঁয়াজ, ভুট্টা, সবজিসহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষতি হয়েছে টানা বৃষ্টির কারণে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আলু ও আমন ধানের। পাকা ধান মাঠ থেকে তুলার আগেই হেক্টরের পর হেক্টর জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার চার উপজেলায় ধান, সবজি, পেঁয়াজ, আলু, মাষকলাই, সরিষাসহ বিভিন্ন ধরনের ফসল চাষ হয়েছে ৮১ হাজার ৮৪৯ হেক্টর জমিতে। বর্তমানে মাঠে দাঁড়িয়ে রয়েছে ৭০ হাজার ৩১ হেক্টর জমির ফসল। বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের কারণে ১৬৮ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
রোপা আমন ধান আবাদ করা হয়েছে ৩৬ হাজার ৭৭৬ হেক্টর, ভুট্টা ৩৫ হাজার ৯৫৬ হেক্টর, সবজি ৬১১০ হেক্টর, আলু ৩৫০ হেক্টর, সরিষা ৮৭৮ হেক্টর জমিতে চাষ হয়েছে।
কৃষকরা জানিয়েছেন, টানা কয়েকদিনের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। হেক্টরের পর হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। রোপা আমন ও আলুর বেশি ক্ষতি হয়েছে। কৃষকরা সার, কীটনাশক, এবং বীজ বাকিতে ক্রয় করে ফসল লাগান। এছাড়া ধার দেনা করে শ্রমিক ও সেচ খরচ দিতে হয়। এই জমিগুলো আর কোনো কাজে লাগবে না, কারণ অন্য ফসল লাগানো সম্ভব নয়।
কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো খোঁজখবর নেয়া হয়নি। কৃষকদের ৫০ কোটি টাকার বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষি বিভাগ ঘরে বসে খাতা কলমে ক্ষতি নিরূপণ করেছে, তবে মাঠের বাস্তব চিত্র তারা দেখেনি বলে অভিযোগ করেছেন কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নুরুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় এবং বৃষ্টির কারণে ফসল আক্রান্ত হয়েছে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন