প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল আল-সাইয়েদের রাজনৈতিক জীবনের পেছনে একটি স্মরণীয় ঘটনা রয়েছে। ২০০৭ সালে ইউনিভার্সিটি অব মিশিগানের সমাবর্তনে তার একটি সংক্ষিপ্ত বক্তৃতা শোনার পর সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন মুগ্ধ হন। তিনি শুধু প্রশংসা করেননি, বক্তৃতা শেষে আল-সাইয়েদকে রাজনীতিতে আসার পরামর্শও দেন। সম্প্রতি আল-সাইয়েদ সেই ঘটনার স্মৃতিচারণা করতে গিয়ে জানিয়েছেন, ওই মুহূর্ত তার ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম ডেট্রয়েট ফ্রি প্রেসের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ২০০৭ সালে ইউনিভার্সিটি অব মিশিগানের সমাবর্তনে আল-সাইয়েদের বক্তৃতার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এই বিষয়টি গত ২১ অক্টোবর প্রচারিত ‘দ্য উইকলি শো উইথ জন স্টুয়ার্ট’ পডকাস্টের একটি পর্বেও আলোচনা করা হয়। সেখানে আল-সাইয়েদ তার রাজনৈতিক জীবনের পথে দুটি বিশেষ ঘটনার উল্লেখ করেন, যেগুলো তাকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আসার ক্ষেত্রে প্রভাবিত করেছে।
আল-সাইয়েদ জানান, ২০০৭ সালে ইউনিভার্সিটি অব মিশিগানের সমাবর্তন অনুষ্ঠানে তিনি এবং যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিনটন উভয়েই বক্তব্য রেখেছিলেন। অনুষ্ঠানে নিজের বক্তৃতার জন্য তিনি মাত্র সাড়ে পাঁচ মিনিট সময় পেয়েছিলেন, যেখানে তার বক্তব্যের বিষয় ছিল ‘মিশিগান ডিফারেন্স’ বা মিশিগানের স্বাতন্ত্র্য। আল-সাইয়েদের বক্তৃতার পর মঞ্চে ওঠেন বিল ক্লিনটন। তিনি কোনো পূর্বনির্ধারিত বক্তব্য ছাড়াই এল-সায়েদের বক্তৃতার প্রশংসা করেন।
ক্লিনটন বলেছিলেন, “আমি তোমাদের সমাবর্তন বক্তাকে বিব্রত করতে চাই না। তবে যারা বিশ্বাস করেন, সভ্যতার সংঘাত অনিবার্য এবং ধর্মীয় বিভেদ পেরিয়ে মানুষের মধ্যে যোগাযোগ সম্ভব নয়, বিশ্বের এমন প্রত্যেক মানুষ যদি আজ তোমার বক্তব্য শুনতে পারতেন, তাহলে ভালো হতো। আমি চাই, বিশ্বের প্রত্যেক মানুষ আজ তোমার বক্তব্য শুনুক।” ২০০৭ সালের ২৮ এপ্রিল দেওয়া ক্লিনটনের সমাবর্তন বক্তৃতার লিখিত প্রতিলিপিতেও তার এই মন্তব্যের উল্লেখ রয়েছে।
আল-সাইয়েদ আরো জানান, অনুষ্ঠান শেষে ক্লিনটন তার কাছে এগিয়ে আসেন এবং কথা বলার একপর্যায়ে তাকে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তিনি আল-সাইয়েদের যোগাযোগের দক্ষতার প্রশংসা করে বলেন, মানুষের কাছে নিজের বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে তার বিশেষ প্রতিভা রয়েছে। আল-সাইয়েদের মতে, ক্লিনটনের সেই প্রশংসা ও পরামর্শ তার ভবিষ্যৎ জীবনে প্রভাব ফেলতে পারে।
সম্প্রতি আল-সাইয়েদ নিজের ইউটিউব চ্যানেলে ২০০৭ সালের সমাবর্তন বক্তৃতাটি প্রকাশ করেছেন। চলতি বছরের মে মাসে ফেসবুকে ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছিলেন, ২০০৭ সালে ইউনিভার্সিটি অব মিশিগান থেকে স্নাতক সম্পন্ন করার সময় সমাবর্তন বক্তা হওয়ার সুযোগ পাওয়া তার জীবনের অন্যতম বড় সম্মান। এর আগে ২০১৯ সালে ইউনিভার্সিটি অব মিশিগানের স্কুল অব পাবলিক হেলথের সমাবর্তন অনুষ্ঠানে তিনি বক্তব্য দিয়েছিলেন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর মিশিগান অঙ্গরাজ্যে অনুষ্ঠিত সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে আবদুল আল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হন। আগামী ৩ জানুয়ারি ২০২৭ তারিখে তিনি সিনেট সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন