প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের ভাণ্ডারিয়ার বিহারী লাল মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করে দ্বিতীয় তলা থেকে নিচতলায় নামানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে ওই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেললে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।
অভিযোগের সূত্রে জানা যায়, বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ রহমত ইসলাম শৌচাগার থেকে ফেরার সময় বিএসসি শিক্ষক শাহ আলম বাইরে যাওয়ার অজুহাতে মারধর করেন। এক পর্যায়ে অভিযোগ করা হয় যে, ওই শিক্ষক শিক্ষার্থীর কলার ধরে মারতে মারতে টেনেহিঁচড়ে দ্বিতীয় তলা থেকে নিচতলায় নিয়ে আসেন। এতে রহমত আকস্মিক আঘাত ও আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেন।
ঘটনার খবর সহপাঠীদের মধ্যে ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা বিদ্যালয়ের মূল ফটক অবরোধ করে অভিযুক্ত শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আন্দোলন শুরু করে।
খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন দ্রুত বিদ্যালয়ে উপস্থিত হন। পরে শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। আলোচনায় শিক্ষার্থীদের দাবি মেনে কর্তৃপক্ষ একটি সমঝোতায় পৌঁছায়।
সমঝোতার ভিত্তিতে, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী রহমতের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং তাকে নতুন পোশাক প্রদান করা হবে। এছাড়া তার ফরম পূরণসহ পড়াশোনার যাবতীয় খরচ প্রধান শিক্ষক বহন করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অনুমতিক্রমে বেলা ৩টার দিকে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। বর্তমানে বিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বিষয়টি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর চিকিৎসাসহ পড়াশোনার যাবতীয় খরচ বিদ্যালয়ের পক্ষ থেকে বহন করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন