প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের তুলনায় বেশি দামে সার বিক্রি এবং খাদ্যপণ্যে অনিয়মের অভিযোগে নেত্রকোণা জেলায় পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের বেতাটি বাজারে অবস্থিত ‘সাজল এন্টারপ্রাইজ’ নামে একটি খুচরা সারের দোকান এবং সাতপাই রেলক্রসিং এলাকার একটি দোকানে এই অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বেতাটি বাজারের ‘সাজল এন্টারপ্রাইজ’-এ সরকার নির্ধারিত মূল্যের তুলনায় অতিরিক্ত দামে প্রান্তিক কৃষকদের কাছে সার বিক্রি করা হচ্ছিল। সেখানে প্রতি বস্তা ১ হাজার ৩৫০ টাকা নির্ধারিত মূল্যের ইউরিয়া সার ১ হাজার ৬শ’ টাকায় এবং ১ হাজার ৫০ টাকা নির্ধারিত মূল্যের ডিএপি সার ১ হাজার ৫৫০ টাকায় বিক্রি করা হচ্ছিল।
অভিযুক্ত দোকান মালিক তার অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার পর অভিযুক্ত দোকান মালিক উপস্থিত কৃষকদের সামনে ভবিষ্যতে সর্বদা সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির জন্য লিখিত ও মৌখিক প্রতিশ্রুতি দেন।
অন্যদিকে, সাতপাই রেলক্রসিং এলাকার একটি দোকানে খাদ্যপণ্যে অনিয়ম পাওয়ার দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। দুইটি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন নেত্রকোণা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাহাবুদ্দিন। জনস্বার্থে এবং কৃষকদের অধিকার রক্ষায় জেলাজুড়ে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন