প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক ব্যবহারের কারণে মানবদেহে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
ফলস্বরূপ, শেষ ভরসার এন্টিবায়োটিকও জীবাণুর কাছে পরাজিত হচ্ছে। এন্টিবায়োটিকের কার্যকারিতা কমছে এবং জীবাণুর শক্তি বাড়ছে। এর ফলে সংক্রমণের চিকিৎসা সংকটে পড়েছে। এমনকি গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী এন্টিবায়োটিক মেরোপেনেমও অনেক ক্ষেত্রে জীবাণুর বিরুদ্ধে কার্যকরী হচ্ছে না।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের এক প্রতিবেদনে এ উদ্বেগজনক তথ্য প্রকাশিত হয়েছে।
বিএমইউর মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের ২০২৫-২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের রোগীদের নমুনার ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনটি নির্দেশ করে যে, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রোগীদের শ্বাসনালির নমুনায় এ প্রতিরোধের হার ৯৫ শতাংশ ছাড়িয়ে গেছে।
এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসের ইবনে সাত্তার মন্তব্য করেন যে, "এন্টিবায়োটিকের অপব্যবহার ও অসচেতন ব্যবহারের কারণে জীবাণু ক্রমেই ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে। ফলে এন্টিবায়োটিকের কার্যকারিতা কমছে এবং সংক্রমণের চিকিৎসা কঠিন হয়ে পড়ছে।"
প্রতিবেদনকালীন সময়ে মোট ৫০ হাজার ৮৪৪টি ক্লিনিক্যাল নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ২৫১টি নমুনায় ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে।
প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, কার্বাপেনেম গ্রুপের এন্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়া।
ছয়টি প্রধান জীবাণুর ১০ হাজার ৫৩৬টি নমুনার মধ্যে ৩ হাজার ৮১০টিতে মেরোপেনেম প্রতিরোধ পাওয়া গেছে। অর্থাৎ প্রতিরোধের হার ৩৬ দশমিক ২ শতাংশ, যা আগের বছরের ২৮ দশমিক ২ শতাংশের তুলনায় বেশি। ক্লেবসিয়েলার ক্ষেত্রে এ হার ২৭ দশমিক ৬ থেকে বেড়ে ৪০ শতাংশ এবং ই. কোলাইয়ের ক্ষেত্রে ১৪ থেকে বেড়ে ২০ দশমিক ৭ শতাংশ হয়েছে। অ্যাসিনেটোব্যাকটারের ৫৭ দশমিক ৫ শতাংশ এবং সিউডোমোনাসের ৫২ দশমিক ১ শতাংশ নমুনায় কার্বাপেনেম প্রতিরোধ পাওয়া গেছে।
রক্তের নমুনায় শনাক্ত ক্লেবসিয়েলার ৫৬ শতাংশ, অ্যাসিনেটোব্যাকটারের ৬২ দশমিক ১ শতাংশ এবং ই. কোলাইয়ের ৩৩ দশমিক ৩ শতাংশ মেরোপেনেমে সাড়া দিচ্ছে না।
আইসিইউ রোগীদের শ্বাসনালির নমুনায় ক্লেবসিয়েলা ও অ্যাসিনেটোব্যাকটারের ক্ষেত্রে প্রতিরোধের হার ৯৫ শতাংশ ছাড়িয়েছে।
মূত্রনালির সংক্রমণের প্রধান জীবাণু ই. কোলাইয়ের ক্ষেত্রেও প্রচলিত এন্টিবায়োটিকের কার্যকারিতা কমছে। এ জীবাণুর ৮২ দশমিক ৮ শতাংশ অ্যামোক্সিসিলিন, ৭৫ দশমিক ৫ শতাংশ সিপ্রোফ্লক্সাসিন এবং ৬২ দশমিক ২ শতাংশ সেফট্রিয়াক্সোনের বিরুদ্ধে প্রতিরোধী। নাইট্রোফিউরানটোইনের বিরুদ্ধে প্রতিরোধ এক বছরে ৩৩ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ৫০ দশমিক ১ শতাংশ হয়েছে।
এদিকে মেথিসিলিন-প্রতিরোধী স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের (এমআরএসএ) হারও বৃদ্ধি পাচ্ছে। পুঁজ, ক্ষত, নাক ও কানের নমুনায় এ হার ২০২২-২৩ সালে ৯ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে সর্বশেষ প্রতিবেদনে ২৬ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। টাইফয়েডের জীবাণুর ক্ষেত্রেও সিপ্রোফ্লক্সাসিন প্রতিরোধের হার ৫০ শতাংশে পৌঁছেছে।
এ বিষয়ে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, "চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিকের সহজলভ্যতা প্রাপ্তি বন্ধ করতে হবে। যথেচ্ছভাবে এন্টিবায়োটিকের ব্যবহারের কারণে এন্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স ভয়াবহতা পর্যায়ে পৌঁছেছে। এরফলে রোগী যখন অসুস্থ হয়ে পড়ে এবং আরোগ্য লাভের জন্য এন্টিবায়োটিকের প্রয়োজন হয় তখন তা ব্যবহারে এন্টিবায়োটিক কাজ করে না। বর্তমানে এটা ভয়াবহ আকার ধারণ করছে। এ অবস্থা থেকে উত্তোরণে জনসচেতনতার কোনো বিকল্প নাই।"
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতিরোধী সংক্রমণের কারণে নিউমোনিয়া, সেপসিস্, যক্ষ্মার মতো সাধারণ সংক্রমণের চিকিৎসা কঠিন, কখনো অসম্ভব হয়ে পড়ছে। এতে মৃত্যুহার বাড়ছে, হাসপাতালে থাকার সময় দীর্ঘ হচ্ছে এবং দামি ও পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত ওষুধের প্রয়োজন হচ্ছে, যা পরিবার ও স্বাস্থ্যব্যবস্থার ওপর বড় আর্থিক চাপ তৈরি করছে। ক্যান্সারের কেমোথেরাপি, অঙ্গ প্রতিস্থাপন, বড় অস্ত্রোপচার ও আইসিইউ চিকিৎসার সাফল্যও হুমকির মুখে।
প্রতিবেদনে কয়েকটি সুপারিশে বলা হয়েছে: এই অ্যান্টিবায়োগ্রাম তথ্যের ভিত্তিতে এন্টিবায়োটিকের নীতিমালা প্রণয়ন ও নজরদারি ব্যবস্থা সম্প্রসারণ; কমসূচক, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং ল্যাবরেটরি ব্যবস্থা শক্তিশালী করা; মানুষ ও প্রাণিস্বাস্থ্যে দায়িত্বশীল এন্টিবায়োটিক ব্যবহার নিশ্চিত করা এবং ২০৩০ সালের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ নিয়ে গবেষণা জোরদার করা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন