প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের ভৈরবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (১১ জুলাই ২০২৬) ভৈরব থানা পুলিশের উদ্যোগে থানা ভবন প্রাঙ্গণে একটি কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সভায় মাদক, চোরাচালান, ইভটিজিং, বাল্যবিবাহ, ছিনতাই, কুসংস্কার, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মানবপাচারসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা সভায় বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে শুধুমাত্র আইন-শৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টা যথেষ্ট নয়, বরং একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। বিশেষভাবে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এবং নারী ও শিশু নির্যাতন, মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী শাহিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তুফা কামাল, পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আক্তারুজ্জামান, পৌর বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক লায়ন শামীম আহমেদ, কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নেতা ও ভৈরব উপজেলা শাখার সাবেক সেক্রেটারি সিদ্দিকুর রহমান সিরাজ, ভৈরব উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হোসেন, সেক্রেটারি মাওলানা মতিন রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, পৌর যুবদলের সদস্য সচিব জোবায়ের আল মাহমুদ আফজালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সমাপনী বক্তব্যে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) লিমন বোষ বলেন, "অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। মাদক, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, ছিনতাই এবং মানবপাচারের মতো অপরাধ প্রতিরোধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। জনগণের সহযোগিতা পেলে একটি নিরাপদ ও অপরাধমুক্ত ভৈরব গড়ে তোলা সম্ভব।"
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভৈরব থানার সার্জেন্ট অফিসার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল কবির।
এ সময় ভৈরব উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সমাজ থেকে অপরাধ, মাদক ও সহিংসতা নির্মূলে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করা এবং জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ভৈরবের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন হবে এবং একটি নিরাপদ, মানবিক ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠার ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন