প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদা দেওয়ার পরেও নিরাপত্তা মিলছে না। আন্দোলনে অংশ নেওয়া জেলেদের ছবি দেখে তাদের পরিচয় শনাক্ত করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একের পর এক অপহরণ, মুক্তিপণ ও নির্যাতনের ঘটনার কারণে সুন্দরবনসংলগ্ন জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই শিবসা নদীর তীরবর্তী বনের গভীর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
জীবিকার তাগিদে প্রতিদিনই সুন্দরবনের নদী-খালে নামতে হয় তাঁদের। কারও জীবিকা মাছ ধরা, কারও কাঁকড়া আহরণ, আবার কেউ বনের ওপর নির্ভর করে পরিবারের অন্ন জোগান। কিন্তু যে সুন্দরবন একসময় তাঁদের জীবিকার প্রধান অবলম্বন ছিল, সেই বন এখন অনেকের কাছে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। নদীতে জাল ফেলতে গেলেই কখনো বনদস্যুদের চাঁদার চাপ, কখনো অপহরণ, আবার কখনো মুক্তিপণের দাবিতে জিম্মি হওয়ার ভয় তাঁদের তাড়া করে বেড়ায়।
শুধু অর্থ দিয়েও নিরাপত্তা মিলছে না। এক বাহিনীকে চাঁদা দেওয়ার পর অন্য বাহিনীর এলাকায় প্রবেশ করতে আবারও টাকা দিতে হচ্ছে। কেউ টাকা দিতে না চাইলে আটকে রাখা, মারধর এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগ রয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে যাঁরা রাজপথে ও নদীতে প্রতিবাদ করছেন, তাঁরাও এখন দস্যুদের হুমকির মুখে পড়ছেন।
সাম্প্রতিক সময়ে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদী-খাল থেকে অন্তত ৩০ জেলেকে অপহরণের অভিযোগ এই আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে নতুন করে আশার আলো দেখাচ্ছে কোস্ট গার্ডের অভিযান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গভীরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকি উদ্ধার করেছে বাহিনীটি।
সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গত ২৮ অক্টোবর শ্যামনগরের গাবুরা এলাকা থেকে আন্দোলনের সূচনা হয়। ধীরে ধীরে এই আন্দোলন ছড়িয়ে পড়ে সুন্দরবনসংলগ্ন বিভিন্ন জনপদে। মানববন্ধন, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদান ও নৌ সমাবেশের মাধ্যমে বনজীবীরা তাঁদের দাবি তুলে ধরছেন। তাঁদের মূল দাবি, বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে, অপহৃত জেলেদের উদ্ধার করতে হবে এবং সুন্দরবনে নিরাপদে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করতে হবে।
গত ৪ নভেম্বর খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সামনে উপকূল ও সুন্দরবন সুরক্ষা আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ৯ নভেম্বর শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌকা নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন জেলে ও বনজীবীরা। প্রায় দুই ঘণ্টার কর্মসূচিতে বিভিন্ন নৌকায় প্ল্যাকার্ড হাতে অংশ নেন তাঁরা। কিন্তু এই প্রতিবাদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদমাধ্যমে প্রকাশের পর নতুন করে বিপাকে পড়েছেন আন্দোলনকারীরা। অভিযোগ উঠেছে, প্রকাশিত ছবি দেখে দস্যুরা আন্দোলনে অংশ নেওয়া জেলেদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে। এমনকি তাঁদের হুমকিও দেওয়া হচ্ছে।
আন্দোলনে অংশ নেওয়া জেলে সাইফুল ইসলাম বলেন, "আন্দোলনের ছবি দস্যুদের কাছে পৌঁছেছে। ছবি দেখে তাঁদের শনাক্ত করে হুমকি দেওয়া হচ্ছে। ফলে দস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েও এখন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন তাঁরা।"
দস্যুমুক্ত আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন লিটন বলেন, "জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে আন্দোলন শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপকূলের বিভিন্ন এলাকায় এই আন্দোলন ছড়িয়ে পড়েছে।"
সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করতে এখন শুধু বন বিভাগের বৈধ পাস থাকলেই চলছে না, জেলেদের অভিযোগ, বিভিন্ন বনদস্যু বাহিনীর কাছ থেকেও কথিত অনুমতি বা কার্ড সংগ্রহ করতে হচ্ছে।
সাতক্ষীরার মুন্সিগঞ্জের মৌখালি গ্রামের জেলে খোকন গাজী জানান, আগে বন বিভাগের পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করা যেত। এখন বিভিন্ন বাহিনীকে আলাদাভাবে টাকা দিতে হয়। একেকটি নৌকার কাছ থেকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হচ্ছে।
কোনো কোনো এলাকায় একাধিক বাহিনীকে টাকা দিতে হয়। দস্যুরা পাঁচ বা দশ টাকার ব্যাংক নোটকে কথিত কার্ড হিসেবে ব্যবহার করছে। নোটের নম্বর নিজেদের খাতায় লিখে রাখে তারা। বনে প্রবেশের সময় সেই নম্বর মিলিয়ে দেখা হয়। এ যেন সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে যাওয়ার আগেই দস্যুদের কাছে এক ধরনের কর পরিশোধের বাধ্যবাধকতা।
উপকূলীয় বনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদী ও খাল থেকে অন্তত ৩০ জেলেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ফিরে আসা জেলেদের বর্ণনায় উঠে এসেছে, বুড়ির দুনি, ফুলতলা, শিবসা, নোটাবেঁকী, আগুনজ্বালা, জলঢাকা, চালতেবেড়ে ও রায়মঙ্গল নদীর বিভিন্ন স্থান থেকে তাঁদের জিম্মি করা হয়। অপহৃত জেলেদের মুক্তির জন্য মাথাপিছু এক লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, "সুনির্দিষ্ট তথ্য পেলে অভিযান পরিচালনা করা হবে। জেলে অপহরণের খবর তাঁরা শুনেছেন। তবে এখন পর্যন্ত কোনো জেলের পরিবার থেকে তাঁদের কাছে অভিযোগ করা হয়নি।"
বনদস্যুদের দৌরাত্ম্যের মধ্যে মঙ্গলবার (১৭ নভেম্বর) নতুন করে আলোচনায় এসেছে সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকা। কোস্ট গার্ডের দাবি, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গভীরে একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ১০টি একনলা বন্দুক, ২টি এয়ারগান, ২টি দেশীয় ওয়ান শুটার, ৪টি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গোলা, ২টি ওয়াকিটকি সেট উদ্ধার করে।
কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ডাকাতদলকে শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এসব তথ্য জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন