প্রিন্ট এর তারিখঃ ২৫শে অক্টোবর, ২০২৬ইং; ০৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ৮ই সেপ্টেম্বর, ২০২৬ইং; ০৬:১৯ পি.এম
পিরোজপুরে ৩ শতাধিক রোগীদের ফ্রি চক্ষু চিকিৎসা, ছানি রোগীদের বিনামূল্যে অপারেশন
পিরোজপুরে প্রায় তিন শতাধিক মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। একই সঙ্গে ছানি রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনায় এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী প্রায় ৩০০ জন চক্ষু রোগী চিকিৎসাসেবা ও পরামর্শ নেন। এ সময় ছানি রোগীদের শনাক্ত করা হয়। শনাক্ত রোগীদের বরিশালে নিয়ে বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে। পাশাপাশি তাদের যাতায়াত, থাকা ও চিকিৎসাসহ প্রয়োজনীয় খরচ সংগঠনের পক্ষ থেকে বহন করা হবে বলে জানানো হয়।
চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এখানে আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার পাশাপাশি যেসব রোগীর অপারেশন প্রয়োজন, তাদেরও বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হচ্ছে। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা আমাদের।
শহরের বাসিন্দা সুফিয়া বেগম বলেন, আমি একজনের মাধ্যমে খবর পেয়ে এসেছি চোখের সমস্যা দেখাতে। এই আয়োজনটি খুবই ভালো হয়েছে। গরিব মানুষদের অনেক উপকার হবে।
সদরের কদমতলা ইউনিয়নের বাসিন্দা মো: জাহিদুল ইসলাম বলেন, কতৃপক্ষ ভালো একটা উদ্যোগ নিয়েছে। মানবদেহ একটি অমূল্য সম্পদ। এই যে চিকিৎসা ক্যাম্প করেছে এতে সাধারণ মানুষ উপকৃত হবে। আমরা এতে উৎসাহিত হয়েছি, এরকম যেন আরও বেশি করে আয়োজন করা হয় সেই আহবান জানাই।
আরেক উপকারভোগী মো: লুৎফুর রহমান বলেন, গ্রামের মানুষ চোখের কি সমস্যা হয়েছে তা জানে না। এভাবে যদি বিভিন্ন জেলায় এবং উপজেলা ফ্রী চিকিৎসা ক্যাম্প হয়, তাহলে তার যানতে পাবে তাদের চোখে কি সমস্যা হয়েছে এবং তারা সেবাও পাবে। আমিও এসেছি আমার চোখে কি সমস্যা হয়েছে এটা জানতে।
মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক বলেন, আমরা সংগঠনের উদ্যোগে এর আগেও একাধিকবার এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করেছি। দেখা যায়, অনেক অসহায় মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না। সময়মতো চক্ষু চিকিৎসা না নেওয়া এবং চিকিৎসার প্রতি অবহেলার কারণে অনেকে অন্ধত্ব বরণ করেন। আবার অনেকেই ছানি রোগে ভুগছেন। এসব অসহায় মানুষের কথা চিন্তা করেই আমরা বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের পাশাপাশি ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করেছি। আমরা এটাই চেয়েছি যে, কারো অর্থের অভাবে চোখের চিকিৎসা যেন থেমে না থাকে।
ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের কাম-অর্গানাইজেশন কাজী মিজানুর রহমান বলেন, এটি একটি সেবামূলক প্রতিষ্ঠানটি। ১৯৬০ সালে এটি মনবতার সেবার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের প্রতিষ্ঠাতা মির্জা আহমেদ ইস্পাহানি মানুষদের সেবা দেয়ার জন্য স্বপ্ন দেখেছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন এলাকায় সেবা দেয়ার জন্য যাই। আজাকে যারা চিকিৎসার জন্য এসেছেন তাদেরকে তাদের চোখের ছানি অপারেশন করা হবে এবং চশমা বিতরণ করা হবে। এই চিকিৎসায় প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"