প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের উজিরপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলকে ঘিরে পাল্টাপাল্টি দুটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মাত্র ১০ দিনের ব্যবধানে পৃথক দুটি কমিটি ঘোষণার ঘটনায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। একই সংগঠনের দুটি কমিটি ঘোষণায় সাংগঠনিক কর্তৃত্ব, নেতৃত্বের সমন্বয় ও কমিটির কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ (সান্টু) ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নয় সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নবঘোষিত কমিটিতে মো. ফায়জুল হক রাড়ীকে সভাপতি এবং মো. আনোয়ার হোসেন ঘরামীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন মল্লিক, সহ-সভাপতি মো. সালাম বেপারী, মো. মোস্তফা মিয়া ও আবুল হোসেন সরদার। সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে মো. মন্টু হাওলাদারকে। এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শাহিন হাওলাদার।
এর আগে গত ১৪ নভেম্বর বরিশাল দক্ষিণ জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক এইচ এম মোহসিন আলম ও সদস্যসচিব শফিউল আলম সফরুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পাঁচ সদস্যবিশিষ্ট আরেকটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।
ওই কমিটিতে মো. আক্তার হোসেন নয়নকে সভাপতি এবং মো. দিলদার হোসেন স্বপন মল্লিককে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. লাল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মো. সবুজ সরদার।
এদিকে, শুধু জাতীয়তাবাদী কৃষকদল নয়, উজিরপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলেরও একাধিক কমিটি রয়েছে বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে। একই উপজেলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর একাধিক কমিটি ঘোষণার বিষয়টি দলীয় সাংগঠনিক কাঠামো, নেতৃত্বের সমন্বয় এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
একই সংগঠনের জন্য পৃথক দুটি কমিটি ঘোষণার পর কোন কমিটি সাংগঠনিকভাবে স্বীকৃত ও কার্যকর হিসেবে বিবেচিত হবে, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। পাশাপাশি দুই কমিটির সাংগঠনিক বৈধতা এবং এ বিষয়ে দলীয় উচ্চপর্যায়ের অবস্থান কী, সেটিও এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।
তবে পাল্টাপাল্টি কমিটি ঘোষণার কারণ, কমিটি গঠনের সাংগঠনিক এখতিয়ার এবং কোন কমিটি কার্যকর থাকবে—এসব বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন