প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদীর বেলাবো উপজেলার চাঞ্চল্যকর ও ক্লু-লেস পোল্ট্রি ব্যবসায়ী আজিমুল কাদের ভূঁইয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ রুবেল মিয়া (৪৩)-কে গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ।
রোববার (২৮ জুন ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন হ্যাপি হোমস আবাসিক এলাকার নুরুল ইসলামের রিকশা গ্যারেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল মিয়া নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেহপুর গ্রামের মোঃ সফর আলীর ছেলে।
নিহত আজিমুল কাদের ভূঁইয়া বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের বীরবাঘব গ্রামের মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাবো উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাজনাবো ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি একজন পোল্ট্রি খামারি ও ব্যবসায়ী ছিলেন।
গত ২৭ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে নিজ এলাকার পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরদিন (২৮ জানুয়ারি) তার ভাগিনা মো. উমর ফারুক বেলাবো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে উপজেলার বাজনাবো ইউনিয়নের বীরবাঘব গ্রামের একটি ডোবা থেকে আজিমুল কাদের ভূঁইয়ার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তদন্তের এক পর্যায়ে শুক্রবার দুপুরে ডিবির এসআই মোবারক হোসেনের নেতৃত্বে কিশোরগঞ্জ সদর থানার এলাকায় অভিযান চালিয়ে নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেহপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে প্রমন তালুকদার ওরফে প্রিমন (২১) এবং কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার কায়েস্থপল্লী গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে আবুল কালাম (৪৫)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চোরাই মুরগি বিক্রির নগদ ৪ লাখ টাকা এবং নিহত আজিমুল কাদের ভূঁইয়ার ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, মামলা রুজুর পর নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ-আল-ফারুকের দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম ও এসআই মোঃ রেজাউল করিমের সমন্বয়ে পরিচালিত অভিযানে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে এজাহারভুক্ত আসামি মোঃ রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, হত্যা মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন