প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী, ১৮ নভেম্বর, ২০২৬ : সন্ধ্যার পর কুয়াশা নামতে শুরু করে এবং ভোরের দিকে তা ঘন কুয়াশায় পরিণত হচ্ছে। আজ সকালে শুরু হয়েছে হিমেল হাওয়া। সকাল পৌনে ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এর ফলে রাজশাহী মহানগরীসহ আশেপাশের উপজেলাগুলোতে শীতের অনুভূতি অনেকটা বৃদ্ধি পেয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ভোর থেকে নগরীর রাস্তাঘাটে কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে গেছে। ফলে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। তবে জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ বিপাকে পড়েছেন। শীতের তীব্রতা বাড়ায় নগরীর ফুটপাত ও বিপণি-বিতানগুলোতে গরম কাপড়ের দোকানে ভিড় বাড়তে শুরু করেছে।
নগরীর সাহেব বাজার এলাকার রিকশাচালক আবদুল করিম জানান, ‘গত কয়েকদিন হালকা ঠান্ডা থাকলেও আজ সকাল থেকে তীব্র হিমেল বাতাস বইছে। কুয়াশা ও ঠান্ডার কারণে সকালে রাস্তায় যাত্রীও অনেক কম ছিল। তবুও পেটের দায়ে রিকশা নিয়ে বের হতে হয়েছে।’
আরেক শ্রমজীবী মানুষ সুমন বলেন, ‘আমরা সকাল সকাল কাজের সন্ধানে বের হই। অন্যদিনের তুলনায় আজ ঠান্ডা বাতাসের কারণে শীত বেশি ছিল।’
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক তারেক আজিজ জানিয়েছেন, ‘মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর দিক থেকে হিমেল বাতাস বইতে শুরু করেছে। জলীয় বাষ্পের কারণে রাত ও ভোরের দিকে ঘন কুয়াশা পড়ছে।’
আজ সকাল পৌনে ১০টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় দিনের তাপমাত্রা কিছুটা কম অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এবং কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে।
বুধবার সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ। অপরদিকে গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৩ শতাংশ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহিদা ইয়াসমিন বলেন, ‘হঠাৎ আবহাওয়ার এই পরিবর্তনে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বাড়তে পারে। তাই এই সময়ে সবাইকে পর্যাপ্ত গরম কাপড় পরিধান এবং বিশেষ করে শিশুদের বাড়তি যত্ন নিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন