প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব যখন দুই দেশের বিনোদন জগতেও স্পষ্ট, তখন সংগীতপ্রেমীরা ভিন্ন একটি দৃশ্যের সাক্ষী হলেন। দুবাইয়ে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে ভারতের জনপ্রিয় র্যাপার ইয়ো ইয়ো হানি সিং এবং পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলামকে একসঙ্গে নাচতে দেখা যায়। তাঁদের সেই আনন্দময় মুহূর্তের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দেন এই দুই শিল্পী। সেখানে অনুষ্ঠানের সঞ্চালক সাদিক সেলিম তাঁদের একসঙ্গে নাচের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওতে পাকিস্তানি গায়ক আবরার-উল-হকের গানের তালে হানি সিং ও আতিফ আসলামকে নাচতে দেখা যায়। বর-কনেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁরা আনন্দ-উল্লাসেও মেতে ওঠেন।
ভিডিওটি প্রকাশ করে সাদিক সেলিম জানান, বন্ধুর বিয়েতে হানি সিং ও আতিফ আসলাম প্রায় পুরো রাতই নাচ-গানে মেতে ছিলেন। তিনি হানি সিংয়ের উপস্থিতি এবং প্রাণবন্ত আচরণের প্রশংসা করেন। অন্যদিকে, আতিফ আসলামকে বরাবরের মতোই শান্ত ও প্রচারবিমুখ হিসেবে বর্ণনা করেন সাদিক। কনসার্টের মহড়া শেষ করে অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রতিশ্রুতিও রেখেছিলেন এই গায়ক।
সাদিকের পোস্টে দুই দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক দূরত্বের প্রসঙ্গও উঠে আসে। ভারতে যখন পাকিস্তানি বিনোদনমূলক অনুষ্ঠান ও কনটেন্ট নিষিদ্ধের দাবি নিয়ে আলোচনা চলছে, তখন একই অনুষ্ঠানে দুই দেশের দুই শিল্পীর এমন বন্ধুত্বপূর্ণ উপস্থিতিকে সংগীত ও সৌহার্দ্যের উদ্যাপন হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ্গ সমেট লো’-এর ট্রেলার প্রকাশ হওয়ার পর ভারতে এটি নিষিদ্ধের দাবি উঠেছে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন। ৪ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটিতে অভিনয় করেছেন আহাদ রাজা মীর, হানিয়া আমির ও মাহিরা খান।
এর আগে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর দুটি বিশেষ প্রদর্শনীও অনলাইন সমালোচনার মুখে বেঙ্গালুরুতে বাতিল করা হয়েছিল। এমন পরিস্থিতিতে হানি সিং ও আতিফ আসলামের একসঙ্গে নাচের ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন