প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১৮৬ ক্যারেটের হীরার হার, যার মূল্য প্রায় ১৪৫ কোটি টাকা। এই ধরনের দুর্লভ গয়না গলায় পরে অনুষ্ঠানে উপস্থিত হলে বাড়তি নিরাপত্তার প্রয়োজন হয়। তাই মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের এই গয়না পাহারায় নিয়োজিত ছিলেন চারজন নিরাপত্তাকর্মী। তাঁদের মধ্যে দুজন ছিলেন দায়িত্বের বাইরে থাকা সশস্ত্র পুলিশ কর্মকর্তা। তবে শুধু দামি গয়নাই নয়, এবারের উপস্থিতিতে নিজের জীবন, সন্তানদের দূরে চলে যাওয়া এবং নতুন করে পথচলার কথাও তুলে ধরেছেন এই তারকা।
গত বৃহস্পতিবার রাতে কনসার্টভিত্তিক চলচ্চিত্র ‘দ্য জে-লো শো’র প্রিমিয়ারে উপস্থিত হন জেনিফার লোপেজ। ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার বিশেষ নকশার পোশাকে সেদিন নজর কাড়েন তিনি। শ্যান্টিলি লেসের গাউনের সঙ্গে ছিল সাটিনের শাল-কোট। তবে পুরো সাজের কেন্দ্রবিন্দুতে ছিল ১৮৬ ক্যারেটের চোখধাঁধানো হীরার হার।
‘সিসিলিয়া’ নামের এই হারটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো মাঝখানে বসানো ১১০ ক্যারেটের হলুদ রঙের নাশপাতি আকৃতির হীরা। গয়নাটির আনুমানিক মূল্য ১৪৫ কোটি টাকা। স্বাভাবিকভাবেই এমন মূল্যবান অলংকারের নিরাপত্তায় কোনো ছাড় দিতে চায়নি আয়োজকেরা। প্রিমিয়ারের লালগালিচায় মার্ক ম্যালকিনের সঙ্গে আলাপকালে লোপেজও বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হারটির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। উপস্থিত নিরাপত্তাকর্মীদের নজর মূলত গয়নাটির দিকেই।
যেভাবে পছন্দের তালিকায় হার
এই বিশেষ গয়না ও পোশাকের সঙ্গে লোপেজের পরিচয় অবশ্য প্রিমিয়ারের দিনই হয়নি। গত জুলাইয়ে ইতালির তাওরমিনায় ডলচে অ্যান্ড গাবানার ‘আলতা মোদা’ ফ্যাশন শোতে পারফর্ম করতে গিয়ে প্রথম তাঁর নজরে আসে গাউন, কোট ও হীরার হারটি। দেখেই পছন্দ হয়ে যায় তাঁর।
এ প্রসঙ্গে লোপেজ বলেন, ‘সেখানে গিয়ে হারটি দেখলাম, কোটটিও দেখলাম। দুটিই আমার ভীষণ ভালো লেগেছিল। আমি তাদের বলেছিলাম, এগুলো আমার দারুণ পছন্দ হয়েছে। পরে তারা জানায়, প্রিমিয়ারের জন্য এগুলো আমার কাছে পাঠাবে। কোটটি আমাকে উপহার দিয়েছে, আর হারটি শুধু এই রাতের জন্য পাঠিয়েছে।’
এত দামি গয়না নিজের কাছে রেখে দেওয়ার ইচ্ছা অবশ্য নেই তাঁর। বরং হারটির সৌন্দর্য ও মূল্য নিয়ে কথা বলতে গিয়ে রসিকতাও করেছেন এই তারকা। লোপেজের ভাষায়, এটি অসাধারণ সুন্দর একটি গয়না। শেষ পর্যন্ত যাঁর সংগ্রহে যাবে, তিনি ভাগ্যবান। এমন অলংকার প্রজন্মের পর প্রজন্ম ধরে উত্তরাধিকার হিসেবে রেখে দেওয়ার মতো।
নতুন গল্পের অপেক্ষা লোপেজ
জেনিফার লোপেজের নতুন কনসার্ট চলচ্চিত্র ‘দ্য জে-লো শো’ কেবল তাঁর জনপ্রিয় গানের পরিবেশনা নয়। লাস ভেগাসের মঞ্চে ধারণ করা এই আয়োজনে সংগীতের পাশাপাশি উঠে এসেছে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অধ্যায়। ব্রঙ্কসে শৈশব থেকে শুরু করে আন্তর্জাতিক তারকা হয়ে ওঠার দীর্ঘ পথচলার গল্পও রয়েছে এতে।
লোপেজের কাছে এই আয়োজন নিছক একটি কনসার্ট নয়, বরং ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ বাঁক। বর্তমানে নতুন অ্যালবামের কাজ করছেন তিনি। একই সঙ্গে উপভোগ করছেন জীবনের নতুন সময়। এই শোকে নিজের এত দিনের পথচলার একটি পর্বের সমাপ্তি হিসেবে দেখছেন।
লোপেজ বলেন, ‘আমার মনে হয়, এই শো আমার ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি জীবনের একটি বিশেষ সময়কে চিহ্নিত করছে। এত দিন যা করেছি, তার সবকিছুর শেষে যেন একটি দাঁড়ি, এমনকি বিস্ময়চিহ্ন বসিয়ে দিচ্ছে। এবার আমরা নতুন গল্প বলতে পারব।’
তবে নতুন অধ্যায়ের শুরুটা শুধু পেশাগত জীবনে নয়, ব্যক্তিগত জীবনেও। চারবার বিয়ের পর প্রতিটি সম্পর্কেরই পরিসমাপ্তি ঘটেছে বিচ্ছেদে। দীর্ঘদিনের প্রেম ও সম্পর্কের অভিজ্ঞতা পেরিয়ে এখন একা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লোপেজ স্পষ্ট জানিয়েছেন, নতুন কোনো সম্পর্কে জড়ানোর জন্য তাড়াহুড়ো নেই তাঁর। নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট এই তারকা। বলেছেন, ‘আমার এখন প্রেম করার প্রয়োজন নেই। আমি ভালো আছি, সুখে আছি। এই ভালো থাকাটা নষ্ট করতে চাই না।’
ভালোবাসা সম্পর্কে নিজের পুরোনো ধারণা নিয়েও এখন নতুন করে ভাবছেন লোপেজ। তাঁর মতে, জীবনের নানা অভিজ্ঞতা তাঁকে ভালোবাসার প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করেছে। গত দুই দশকে নিজেকে জানার পাশাপাশি সম্পর্কের নানা দিকও উপলব্ধি করেছেন তিনি। ছোটবেলায় ভালোবাসা সম্পর্কে যে ধারণা ছিল, সময়ের সঙ্গে তা বদলে গেছে। এখন বুঝতে পারছেন, একসময় যেগুলোকে ভালোবাসা ভেবেছিলেন, সেগুলোর সবই আসলে ভালোবাসা ছিল না।
সন্তানদের শূন্যতায় মন খারাপ অভিনেত্রীর। ক্যারিয়ার ও সম্পর্কের বাইরে মা হিসেবেও জীবনের নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন লোপেজ। সাবেক স্বামী মার্ক অ্যান্টনির সঙ্গে তাঁর যমজ সন্তান এমে ও ম্যাক্স। দুজনই এখন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার জন্য বাড়ি ছেড়ে যাওয়ায় সন্তানদের অনুপস্থিতি বেশ ভালোভাবেই অনুভব করছেন এই গায়িকা।
সন্তানদের ঘর এখনো আগের মতোই সাজিয়ে রেখেছেন তিনি। বাড়িতে ফিরে সেই ঘরগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় সন্তানদের কথা মনে পড়ে। কখনো ঘরে ঢুকে বসেও থাকেন। লোপেজের কথায়, ‘বাড়িতে ঢুকলেই ওদের অনুপস্থিতি টের পাই। ঘরগুলো আগের মতোই রেখেছি। দরজা বন্ধ করি না। পাশ দিয়ে যাওয়ার সময় ওদের জিনিসপত্র দেখি। কখনো কখনো ঘরে ঢুকেও বসি।’
সন্তানদের কথা মনে করে প্রায়ই আবেগাপ্লুত হয়ে পড়েন বলেও জানিয়েছেন তিনি। লোপেজ বলেন, ‘ওরা আমার সত্তারই অংশ। আমার যমজ সন্তান দুজনই আমার সবকিছু। সবচেয়ে কঠিন বিষয় হলো, দুজন একই সময়ে বাড়ি ছেড়ে গেছে।’
তবে সন্তানদের সঙ্গে দূরত্ব বাড়লেও যোগাযোগে ভাটা পড়েনি। নিয়মিত ফোন ও ভিডিও কলে কথা হয় তাঁদের। লোপেজের মতে, বাড়ির বাইরে গিয়ে সন্তানরাও জীবনের নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। এই দূরত্ব তাদের মা-সন্তানের সম্পর্কের গুরুত্ব আরও ভালোভাবে উপলব্ধি করতে সাহায্য করছে।
নতুন অ্যালবামের প্রস্তুতি, কনসার্ট চলচ্চিত্র এবং ব্যক্তিগত জীবনের পরিবর্তন- সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন জেনিফার লোপেজ। ‘দ্য জে-লো শো’ যেন তাঁর কাছে পেছনে ফিরে তাকানোর পাশাপাশি সামনে এগিয়ে যাওয়ারও উপলক্ষ।
‘দ্য জে-লো শো: লাইভ ইন লাস ভেগাস’ আগামী ২৬ নভেম্বর রাত ৮টায় যুক্তরাষ্ট্রের সিবিএস ও প্যারামাউন্ট প্লাসে প্রচারিত হবে। এর বর্ধিত সংস্করণ দেখা যাবে শুধু প্যারামাউন্ট প্লাসে।
ভ্যারাইটি অবলম্বনে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন