প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের সাবেক টিআই (প্রশাসন) তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে। অভিযোগ রয়েছে, তারা প্রায় ছয় কোটি ১০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং মানিলন্ডারিংয়ের সঙ্গে জড়িত। তুহিন লস্করের বিরুদ্ধে ৭৭ লাখ ৬ হাজার ২৬২ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, আর তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে পাঁচ কোটি ৩২ লাখ ৯৭ হাজার টাকার অভিযোগ রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোস্তাফিজ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। মামলাগুলো দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২), ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় করা হয়েছে। পরে মামলার নথি ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পাঠানো হয়।
দুদকের এজাহার অনুযায়ী, তুহিন লস্কর ও তার স্ত্রী তাদের সম্পদের হিসাবের মধ্যে ব্যক্তিগত ঋণের তথ্য অন্তর্ভুক্ত করেছেন। তুহিন লস্কর ৬৭ লাখ ২৪ হাজার ২২৬ টাকা এবং তার স্ত্রী এক কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৯৯২ টাকার ব্যক্তিগত ঋণের তথ্য প্রদান করেছেন। তবে অনুসন্ধানে এসব ঋণের বাস্তব কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, তুহিন লস্করের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি এবং বাস ও ট্রাকস্ট্যান্ড থেকে নিয়মিত মাসোয়ারা আদায়ের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রাথমিক অনুসন্ধান করেন দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন।
অনুসন্ধানে দেখা যায়, তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীনের নামে পাওয়া সম্পদের তথ্যের সঙ্গে তাদের দেওয়া সম্পদ বিবরণীর মধ্যে ব্যাপক গরমিল রয়েছে। পরে দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজ সম্পদ বিবরণী যাচাই করে তাদের বিরুদ্ধে পৃথক মামলা করার সুপারিশ করেন। দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদনের পর বুধবার মামলা দুটি দায়ের করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, তুহিন লস্কর ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকরির সময় তিনি দুই মেয়াদে প্রায় নয় বছর ফরিদপুরে কর্মরত ছিলেন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ, খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ ও চট্টগ্রামে দায়িত্ব পালন করেছেন।
তুহিন লস্করের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বসুদেবপুর গ্রামে। তার স্ত্রী জামিলা পারভীনের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার মহাকাল ইউনিয়নের ভাঙ্গাগেট গ্রামে। বর্তমানে দুজন ফরিদপুর শহরের হাবেলী গোপালপুর এলাকার হোয়াইট প্যালেস নামের বাড়িতে বসবাস করছেন বলে দুদকের নথিতে উল্লেখ রয়েছে।
মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দা বলেন, প্রাথমিক অনুসন্ধানে তুহিন লস্কর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি এবং মানিলন্ডারিংয়ের অভিযোগের প্রমাণ পাওয়ায় দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে মামলা দুটি করা হয়েছে। তদন্ত শেষে ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন