প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : স্লোভেনিয়া বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছে। এই উদ্দেশ্যে দুই দেশের মধ্যে বাণিজ্য, সংসদীয় সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আজ জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন এই আগ্রহের কথা জানান।
সাক্ষাৎকালে স্পিকার উল্লেখ করেন, বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দীর্ঘকাল ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যুগোস্লাভিয়া সফর করেছিলেন। তৎকালীন রাষ্ট্রপতি মার্শাল টিটো আন্তর্জাতিক অঙ্গনে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকেই যুগোস্লাভিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বিকশিত হতে শুরু করে।
বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ইতিহাস তুলে ধরে স্পিকার বলেন, ১৯৪৭ সালে দেশভাগের পর এই অঞ্চলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করায় মহান মুক্তিযুদ্ধের সূচনা ঘটে। স্বাধীনতা অর্জনের পরও গণতন্ত্র অধরাই থেকে যায়। বিভিন্ন সময়ে সামরিক ও স্বৈরাচারী শাসন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে।
তিনি আরও বলেন, বিগত ১৬ বছরের প্রহসনের নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করে জনগণের সাংবিধানিক অধিকার নস্যাৎ করা হয়েছে। গুম, খুন, অর্থ পাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ওই শাসনের অবসান ঘটে।
স্পিকার উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন জানান, বাংলাদেশে সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল এ নির্বাচন পর্যবেক্ষণ করেছে। তিনি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে স্লোভেনিয়া সরকারের আগ্রহের কথা জানান।
সাক্ষাৎকালে উভয় পক্ষ সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা, সংসদীয় প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় সফর বিনিময়, রোহিঙ্গা সংকটের সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্পিকার বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানান।
সাক্ষাতে স্লোভেনিয়ার দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন