প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চেষ্টা করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ স্থাপন করার। তিনি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পাশাপাশি একাধিকবার ফোন কলও করেছেন। তবে শেখ হাসিনা তার পাঠানো বার্তার কোনো উত্তর দেননি এবং ফোনও রিসিভ করেননি।
গত ৬ নভেম্বর দুপুর ১টা ২৪ মিনিটে শেখ হাসিনার হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠান নাহিদ। বার্তায় তিনি উল্লেখ করেন, ‘আপা, আমার সালাম নেবেন। আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদে রাখুন। আপনার সঙ্গে কথা বলতে চাই। নুরুল ইসলাম নাহিদ।’
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, ‘আমরা মোবাইল ফরেনসিকে দেব। তখন জানা যাবে।’
এর আগে, বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে পুলিশ।
১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হয়ে লড়াই করে পরাজিত হন নুরুল ইসলাম নাহিদ। ১৯৯৪ সালে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর থেকে তিনি আর পেছনে ফিরে তাকাননি; সপ্তম, নবম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে একই আসন থেকে জয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং দেশ ছেড়ে ভারতে চলে যান। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন, ফলে সংসদ সদস্যের পদ হারান নুরুল ইসলাম নাহিদ।
এদিকে, গত ১২ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়।
দুদকের প্রাথমিক তদন্তে নুরুল ইসলাম নাহিদের নামে বৈধ আয়ের সঙ্গে মিল না থাকা ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের সন্ধান পাওয়া যায়। অন্যদিকে, তার স্ত্রীর নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদের হদিস মেলে।
তাদের নামে বা বেনামে থাকা আসল সম্পদ, এসব সম্পদ কিভাবে অর্জিত হয়েছে এবং আয়ের বাইরে কতটা সম্পদ রয়েছে—এ বিষয়গুলো যাচাই করতে দুদক আইন অনুযায়ী সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ জারির সিদ্ধান্ত নিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন