প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ট্যাগ ব্যবহার করে জাতীয় ছাত্রশক্তির এক নেতাকে ছুরিকাঘাত ও মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী অভিযোগ করেছেন যে, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে নগরীর চট্টেশ্বরী রোডে এই ঘটনা ঘটেছে।
অভিযুক্ত ছাত্রদল নেতা হামলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, সে সময় ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না। তবে তিনি বলেন, ছাত্রলীগের নাশকতা প্রতিরোধ করতে দলের নির্দেশে তার দলের কর্মীরা ভুক্তভোগীর ওপর ‘চড়াও’ হয়েছিলেন। আহত মোহাম্মদ ইসমাইল চকবাজার থানা ছাত্রশক্তির সংগঠক। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ইসমাইল সাংবাদিকদের জানান, সেদিন তিনি তিন বন্ধুর সঙ্গে টংদোকানে চা খাচ্ছিলেন। এ সময় হাজেরা তজু ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল হক শিকদার লাঠি, হকিস্টিক ও ধারালো অস্ত্র হাতে ২০-৩০ জনের একটি দল নিয়ে এলাকায় শোডাউন করেন।
ইসমাইলের অভিযোগ, জাহেদুল তার কাছে এসে বলেন, ‘ও ছাত্রলীগ, ওরে পিডা। আমার বাবার বিরুদ্ধেও ও পোস্ট দিছে।’ এরপর প্রথমে তাকে ছুরিকাঘাত করা হয়। তার বন্ধুরা প্রতিবাদ করলে হামলাকারীরা তাদের দিকে তেড়ে আসেন। পরে মাথায় আঘাত করা হয় এবং একপর্যায়ে লাথি দিয়ে তাকে পাশের নালায় ফেলে দেওয়া হয়। সেখানেও তাকে মারধর করা হয় বলে তিনি দাবি করেন।
ইসমাইল বলেন, জাহেদুলের বাবা মিজানুর রহমান শিকদার এক নারীর খুনের মামলার আসামি এবং বর্তমানে কারাগারে আছেন। ওই নারীর পক্ষে তিনি ফেসবুকে লেখালেখি করেন। এই কারণে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তার হাতে ও মাথায় অনেক সেলাই লেগেছে। তিনি দ্রুত মামলা করবেন বলে জানান।
অভিযুক্ত জাহেদুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, আগের দিন দলীয় নির্দেশে ছাত্রলীগের নাশকতা ঠেকাতে তারা অভিযানে নামেন। ছাত্রলীগের সঙ্গে ইসমাইলের ওঠাবসা দেখে তার মোবাইল চেক করতে চাইলে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তার দলের কর্মীরা ইসমাইলের ওপর চড়াও হন। তবে জাহেদুল নিজে ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা অস্বীকার করেন। বাবার সঙ্গে ইসমাইলের দ্বন্দ্বের প্রসঙ্গে জাহেদুল বলেন, তার বাবার সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি ইসমাইলকে চেনেন না। শুনেছেন, ইসমাইল তাদের এলাকার।
ছাত্রশক্তি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আব্দুর রহমান বলেন, ইসমাইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সম্মুখসারিতে থাকা একজন সক্রিয় সহযোদ্ধা। তার দাবি, শুধুমাত্র রাজনৈতিক মতপার্থক্যের কারণে ইসমাইলের ওপর এ হামলা হয়েছে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন বলেন, ছাত্রশক্তি নেতার ওপর হামলার বিষয়ে এই মুহূর্তে তাদের কাছে কোনো তথ্য নেই। তথ্য এলে ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন