প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) অ্যান্টিবায়োটিক বিক্রি ও ব্যবহারের জন্য নতুন নির্দেশনা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানায়, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সম্প্রতি ডিজিডিএর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আলমগীর হোসেনের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা উপস্থাপন করা হয়।
গণবিজ্ঞপ্তিতে ফার্মেসি মালিক ও ফার্মাসিস্টদের উদ্দেশ্যে উল্লেখ করা হয়েছে, ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩-এর ৪০(ঘ) ধারা অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওভার দ্য কাউন্টার বা ব্যবস্থাপত্রের প্রয়োজন নেই এমন ওষুধ ছাড়া অ্যান্টিবায়োটিক বা অন্য কোন ওষুধ বিক্রয় বা বিতরণ করা যাবে না। অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধের ক্রয়-বিক্রয়ের তথ্য রেজিস্টারে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে এবং স্পষ্ট স্বাক্ষর ও তারিখসহ অ্যান্টিবায়োটিক বিক্রয়ের ক্যাশমেমো প্রদান করতে হবে।
এছাড়া, রোগীদের রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধের ফুল কোর্স গ্রহণের পরামর্শ দিতে হবে। অ্যান্টিবায়োটিকসহ সকল ওষুধ নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে এবং রেড লেবেল সম্বলিত মোড়কে উপস্থাপন ব্যতিরেকে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধের ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ বিক্রি বা বিতরণ করলে এবং অ্যান্টিবায়োটিক ক্রয়-বিক্রয়ের তথ্য সংবলিত রেজিস্টার সংরক্ষণ না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অ্যান্টিবায়োটিক ব্যবহারকারী জনসাধারণের জন্য পরামর্শ দেওয়া হয়েছে যে, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ক্রয়, সেবন বা ব্যবহার থেকে বিরত থাকুন। মোড়কে উল্লেখিত মেয়াদ দেখে ওষুধ ক্রয় করুন এবং বিক্রেতার স্পষ্ট স্বাক্ষর ও তারিখসহ অ্যান্টিবায়োটিক ক্রয়ের ক্যাশমেমো সংগ্রহ করুন।
এতে আরও বলা হয়েছে, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী পূর্ণ কোর্স অ্যান্টিবায়োটিক ব্যবহার না করলে জীবানু অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে যায়, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই সুস্থতা অনুভব করলেও চিকিৎসকের ব্যবস্থাপত্র মোতাবেক অ্যান্টিবায়োটিকের ফুল কোর্স সম্পন্ন করুন। মেয়াদ উত্তীর্ণ বা নষ্ট হওয়া অ্যান্টিবায়োটিক মাটি, পানি বা ময়লা-আবর্জনার সাথে না ফেলে আপনার নিকটস্থ ফার্মেসিতে ফেরত দিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন