প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনা বেড়ায় গভীর রাতে একটি নকল দুধ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল দুধ এবং ক্ষতিকর উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮ টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার পেঁচাকোলা ঘাট এলাকার উত্তম ঘোষ ও পলি ঘোষ দম্পতির বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় পলি ঘোষকে (৩৫) নকল দুধ তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান। এ সময় স্থানীয় থানা পুলিশ সহযোগিতা করেন।
আভিযানিক দলের তথ্যমতে, উত্তম ঘোষ ও তার স্ত্রী পলি ঘোষ দীর্ঘকাল ধরে নিজেদের বাড়িতে কেমিক্যাল এবং ক্ষতিকারক উপকরণ ব্যবহার করে ভেজাল ও নকল দুধ তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পুলিশ এবং উপজেলা প্রশাসন সেখানে উপস্থিত হয়। পরে উত্তম ঘোষের ঘর থেকে বড় আকৃতির ডেগে বিপুল পরিমাণ কৃত্রিম নকল দুধ জব্দ করা হয়। একইসাথে নকল দুধ তৈরির কাজে ব্যবহৃত পাম ওয়েল, ব্লিচিং পাউডার, কেমিক্যাল জেল, খাবার সোডা, গরম ছানার পানি, এক ডেগ ক্রিম, ফ্যাট তোলা দুধ এবং ব্লেন্ডার মেশিন উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে মূল হোতা উত্তম ঘোষকে পাওয়া না গেলেও তার স্ত্রী পলি ঘোষকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পলি ঘোষ স্বীকার করেন যে, তিনি এবং তার স্বামী নিয়মিতভাবে এসব ক্ষতিকর উপকরণ মিশিয়ে নকল দুধ তৈরি ও বাজারজাত করে আসছিলেন। পরবর্তীতে সাক্ষীদের সাক্ষ্য, জব্দকৃত আলামত এবং স্বীকারোক্তির ভিত্তিতে পলি ঘোষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান জানান, জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে নকল দুধ তৈরি হচ্ছিল। অভিযুক্ত নারী তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। তার ঘরে থাকা অপ্রাপ্তবয়স্ক সন্তান ও বৃদ্ধ শ্বাশুড়ির মানবিক দিক বিবেচনা করে তাকে কারাদণ্ড না দিয়ে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তবে জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং নকল দুধ উৎপাদন ও বিক্রি বন্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন