প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের একটি আদালত হাইতীয় বংশোদ্ভূত যাজক ক্রিশ্চিয়ান ইমানুয়েল স্যাননকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করতে যাচ্ছে। গতকাল বুধবার ফ্লোরিডার মায়ামির একটি ফেডারেল আদালত স্যাননকে আটটি অভিযোগে দোষী সাব্যস্ত করে। মোইসকে ২০২১ সালের ৭ জুলাই তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। প্রায় আট সপ্তাহ ধরে চলা বিচার শেষে এই রায় ঘোষণা করা হয়।
৬৮ বছর বয়সী স্যানন যুক্তরাষ্ট্র ও হাইতির দ্বৈত নাগরিক। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রেসিডেন্ট মোইসকে হত্যার ষড়যন্ত্র এবং তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনায় জড়িত থাকার। আদালতে কৌঁসুলিরা জানান, হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রায় চব্বিশ বিদেশি ভাড়াটে যোদ্ধাকে অর্থ প্রদান করা হয়েছিল। এই অর্থের একটি অংশ করোনাভাইরাস মহামারির সময় যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন কর্মসূচি থেকে সংগ্রহ করা হয়েছিল।
কৌঁসুলিদের বক্তব্য অনুযায়ী, মোইসকে ক্ষমতাচ্যুত করে ষড়যন্ত্রকারীদের পছন্দের একজনকে প্রেসিডেন্ট হিসেবে বসানোর পরিকল্পনা করা হয়েছিল। এই ষড়যন্ত্রের পরিকল্পনা ও অর্থায়নের কেন্দ্রস্থল ছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা।
বিচার চলাকালে স্যানন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি আদালতে স্বীকার করেন যে, একসময় মোইসকে ক্ষমতা থেকে সরিয়ে অন্য কাউকে প্রেসিডেন্ট করার চেষ্টা করা ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। তবে তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের অনেক আগেই ওই গোষ্ঠী অন্য একজন প্রার্থীকে বেছে নিয়েছিল এবং প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনার বিষয়ে তার কোনো ধারণা ছিল না।
হত্যাকাণ্ডের কয়েক দিন পর হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে স্যাননকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় পুলিশের একটি প্রতিবেদনে দেখা যায়, স্যাননের বাসায় তল্লাশি চালিয়ে আটটি গাড়ির নিবন্ধন নম্বরপ্লেট, ১৯টি পাসপোর্ট ও ১২টি মোবাইলফোন উদ্ধার করা হয়। এছাড়া ৩০ বাক্স গুলি এবং ১২টি পিস্তলের খাপও পাওয়া যায়।
মোইসের স্ত্রী মার্টিন মোইসও হত্যাকাণ্ডের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন। তাকে চিকিৎসার জন্য ফ্লোরিডায় নেওয়া হয়েছিল এবং তিনি আগামী ২০২৭ সালের হাইতির সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে নিজের নাম নিবন্ধন করেছেন। এক দশকের বেশি সময় পর দেশটিতে ওই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত স্যানন কোনো প্রতিক্রিয়া দেখাননি। তিনি এখনো ফেডারেল হেফাজতে রয়েছেন এবং আগামী ১০ ফেব্রুয়ারি তার সাজা ঘোষণা করা হবে। তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
স্যাননের আইনজীবী জেলকা বোজানিচ আদালতের রায়ে হতাশা প্রকাশ করেছেন এবং যথাসময়ে এ রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করেছেন। রায়ের পর কৌঁসুলিরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা এ পর্যন্ত ৪০ জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছেন, যাদের মধ্যে ১২ জনের দণ্ড হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পাঁচজনও রয়েছেন।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা অভিযোগের নতুন একটি তালিকা প্রকাশ করেন, যেখানে চারজনের নাম গোপন রাখা হয়েছিল। হত্যার ষড়যন্ত্রে অর্থের জোগান দেওয়া এবং হত্যাকাণ্ডের পর দায়ীদের বিচার এড়াতে সহায়তা করার অভিযোগে আরো সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে ভিটেলহোম ইনোসেন্ট নামের এক গ্যাং নেতাও রয়েছেন, যিনি ২০২১ সালের শেষ দিকে ১৭ জন মার্কিন ও কানাডীয় ধর্মপ্রচারককে অপহরণের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের সম্মুখীন। তবে তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এখনো যাদের বিচার বাকি, তাদের মধ্যে সাবেক সরকারি দুর্নীতিবিরোধী কর্মকর্তা জোসেফ ফেলিক্স বাদিও রয়েছেন। অন্য আসামিদের আইনজীবীরা তাকে হত্যার ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছেন। এছাড়া কলম্বিয়ার সাবেক ১৭ সেনাসদস্যেরও বিচার বাকি রয়েছে, যাদের গত সেপ্টেম্বরে হাইতি থেকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়।
হত্যাকাণ্ডের পর অস্থিরতায় হাইতি
প্রেসিডেন্ট মোইস হত্যাকাণ্ডের পর থেকে হাইতিতে আর কোনো প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেননি। দেশটির কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের (ডিইএ) কর্মকর্তা পরিচয়ে একদল ব্যক্তি রাতে পোর্ট-অ-প্রিন্সের বাইরে মোইসের বাড়িতে হামলা চালান। তাদের অধিকাংশই ছিলেন কলম্বিয়ার অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তারাই প্রেসিডেন্টকে হত্যা করেন এবং তার স্ত্রীকে আহত করেন।
এরপর দেশটিতে একের পর এক অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। একই সময়ে সশস্ত্র গ্যাংগুলো রাজধানী ও আশপাশের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এসব গ্যাংকে দুর্নীতিগ্রস্ত রাজনীতিকেরা সহায়তা করছেন বলে ব্যাপকভাবে ধারণা করা হয়।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হাইতিতে সশস্ত্র সহিংসতায় ৪ হাজার ৫৯৫ জন নিহত হয়েছেন।
দেশটিতে নিরাপত্তা, অর্থনীতি ও মানবিক সংকট আরো গভীর হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সহিংসতা ও অস্থিরতার কারণে প্রায় ১৫ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন