প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র বহন এবং নিরাপত্তা তল্লাশি জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নির্ধারিত গেট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা অধিকতর সুসংহত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে বিচারপতি, বিজ্ঞ আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং প্রবেশপথে নিয়মিত নিরাপত্তা তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে।
নির্দেশনায় বলা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ ও বের হওয়ার জন্য মাজার গেট এবং আউটার গেট (বার কাউন্সিল ভবনসংলগ্ন গেট) ব্যবহার করতে হবে। মাজার গেট দিয়ে একমুখী চলাচল করতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হওয়ার জন্য এ গেট ব্যবহার করা যাবে। এ ছাড়া প্রশাসনিক জামে মসজিদসংলগ্ন গেট সার্বক্ষণিক বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে বিজ্ঞ আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অবশ্যই পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রবেশপথে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা চাইলে তা প্রদর্শন করতে হবে।
এ ছাড়া প্রবেশপথে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনে আগত ব্যক্তিদের তল্লাশি করবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশের প্রধান বিচারপতির আদেশক্রমে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন