প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ৩১ অক্টোবর, ২০২৬ : ফেলনা প্লাস্টিক জমা দিয়ে বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা দেখার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। প্লাস্টিক বর্জ্য, যা তারা জমা দিচ্ছে, পুনর্ব্যবহার করবে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগের মাধ্যমে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের জন্য কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের পরিবেশ সচেতন করার পাশাপাশি প্লাস্টিক দূষণ কমানোর লক্ষ্য রাখা হয়েছে।
আজ চট্টগ্রাম চিড়িয়াখানা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সঙ্গে চিড়িয়াখানা ও সংলগ্ন পাহাড়ি ছড়ায় পরিচ্ছন্নতা এবং মশকনিধন কর্মসূচি পরিচালনা করা হয়। এর আগে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
এ কর্মসূচিতে সহযোগিতা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম চিড়িয়াখানায় ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছে। সাধারণ দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানার প্রবেশ টিকিটের মূল্য ৭০ টাকা। শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত এসব প্লাস্টিক বর্জ্য এতদিন সংরক্ষণ করা হচ্ছিল। এবার তা পুনর্ব্যবহারের আওতায় আনার কার্যক্রম শুরু হলো।
এজন্য ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এই সমঝোতার আওতায় চিড়িয়াখানায় জমা হওয়া প্লাস্টিক বর্জ্য নিয়মিত সংগ্রহ, পৃথকীকরণ ও পরিবেশবান্ধব প্রক্রিয়ায় পুনর্ব্যবহারের দায়িত্ব পালন করবে সংস্থাটি। এ কার্যক্রমে জেলা প্রশাসন ও ইপসার মধ্যে কোনো অর্থ লেনদেন হবে না। প্রাথমিকভাবে এ সমঝোতার মেয়াদ এক বছর।
সমঝোতা স্মারকের আওতায় ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে প্লাস্টিক সংগ্রহ, পরিবহন ও রিসাইক্লিংয়ের ব্যবস্থা করবে। এছাড়া ইপসা চিড়িয়াখানায় বিনসহ সুরক্ষা সামগ্রী সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, "একক কোনো সংস্থার পক্ষে পুরো নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে জেলা প্রশাসন, সিটি করপোরেশন এবং নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।"
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, "শিশু-কিশোরদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ গড়ে তুলতেই প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। সংগৃহীত প্লাস্টিক পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় এ উদ্যোগ আরও কার্যকর ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াৎ জামিল সৈকত, ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের প্রজেক্ট ম্যানেজার অপূর্ব দেব এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন